ইরান-যুক্তরাষ্ট্র পরবর্তী বৈঠক নিয়ে তৎপর পাকিস্তান

আপডেট : ২৪ মে ২০২৬, ১১:৫৯ এএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আশা প্রকাশ করেছেন, খুব শিগ্‌গির ইরান ও যুক্তরাষ্ট্রের পরবর্তী দফার বৈঠক আয়োজন করতে পারবে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইসলামাবাদ দুই দেশের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ বলেন, ‘পাকিস্তান সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাবে। আমরা আশা করছি, খুব দ্রুতই পরবর্তী দফার আলোচনা আয়োজন করতে পারব।’

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তান। চলমান উত্তেজনার শান্তিপূর্ণ সমাধান খুঁজতে উভয় পক্ষই আলোচনার পথ অনুসরণ করছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাত বন্ধে চলমান যুদ্ধবিরতি আলোচনায় একটি সমঝোতা স্মারক অনেকটাই চূড়ান্ত হয়েছে।

তিনি আরও জানান, সম্ভাব্য এই চুক্তির আওতায় গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হতে পারে। তবে ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, চুক্তিটি এখনো যুক্তরাষ্ট্র, ইরান এবং সংশ্লিষ্ট অন্যান্য দেশের আলোচকদের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত