ময়মনসিংহ সদরে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে বিজয় বর্মণ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৪ মে) সকাল ১০টার দিকে বেগুনবাড়ি বারিয়ান এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বিজয় বর্মণ সদর উপজেলার বেগুনবাড়ি এলাকার মাছ ব্যবসায়ী হরিপদ বর্মণের ছেলে। সে মুক্তাগাছা উপজেলার একটি ওষুধের দোকানে চাকরি করতেন।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার রাতে বিজয় মুক্তাগাছা থেকে বাড়ি ফেরার পর বন্ধুদের সঙ্গে ময়মনসিংহ শহরে যান। পরে মাদকাসক্ত অবস্থায় বাড়িতে ফেরেন। রাত ১২টার দিকে আবার এলাকার কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের একটি জঙ্গলে আড্ডা দিতে যান বলে স্থানীয়রা দেখেছেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দিনভর খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ রবিবার সকালে বাড়ির অদূরে একটি পুকুরের কচুরিপানার মধ্যে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, নিহত বিজয় বর্মণ মাদকাসক্ত ছিলেন। শুক্রবার রাতে মাদকাসক্ত অবস্থায় বাড়ি ফেরার পথে একটি দোকানের সামনে পড়ে গেলে স্থানীয় এক দোকানি তার পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
তিনি আরও বলেন, পরবর্তীতে বিজয় আবার বাড়ি থেকে বের হয়ে পাশের জঙ্গলে যান। পরিবারের সদস্যরা তাকে খুঁজতে সেখানে গেলে তাকে আর খুঁজে পাননি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে রবিবার বাড়ির পাশের পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঈদে ৭ দিন বন্ধ ভোমরা বন্দরের বাণিজ্যিক চাকা