ব্যাট হাতে যেন তরবারি চালালেন রুয়ান্ডার ব্যাটার হামজা খান! ইনিংসের দ্বিতীয় বলেই চার মেরে যে তাণ্ডব শুরু করলেন, তা থামল একেবারে ইনিংসের শেষ বলে গিয়ে। আইভোরি কোস্টের বোলারদের তুলোধুনো করে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের পাতায় তোলপাড় সৃষ্টি করলেন এই ডানহাতি ব্যাটার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে রোববার হামজার অতিমানবীয় ব্যাটিং এবং রুয়ান্ডার রেকর্ডের বন্যায় ভেসে গেছে কোত দি ভোয়া। প্রথমে ব্যাট করে হামজার ১৬৪ রানের ওপর ভর করে ২৮৮ রান তোলে রুয়ান্ডা। জবাবে মাত্র ১৭ রানে অলআউট হয়ে ২৭১ রানের বিশাল ব্যবধানে হেরেছে আইভোরি কোস্ট।
ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজিত থেকে হামজা খান খেলেন ৬৫ বলে ১৬৪ রানের এক টর্নেডো ইনিংস। বোলারদের কোনো সুযোগ না দিয়ে মাঠের চারদিকে ছক্কা-চারের বৃষ্টি নামান তিনি। তার এই বিস্ফোরক ইনিংসটি সাজানো ছিল ১৫টি ছক্কা ও ৯টি চারে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হামজার চেয়ে বড় ইনিংস আছে আর কেবল একটি। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭২ রান করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তবে সব ধরনের স্বীকৃত টি-টোয়েন্টি মেলালে হামজার ইনিংসটি এখন ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ। এই তালিকায় ১৭৫ রান করে শীর্ষে আছেন ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইল।
এক ইনিংসে ১৫টি ছক্কা মেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে চতুর্থ সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন হামজা। এই সংস্করণে এক ইনিংসে সবচেয়ে বেশি ১৮টি ছক্কা মারার রেকর্ডটি এস্তোনিয়ার সাহিল চৌহানের। বিধ্বংসী এই ইনিংস খেলার পথে হামজা মাত্র ১৬ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন। এরপর কিছুটা দেখেশুনে খেলে ৪১ বলে স্পর্শ করেন সেঞ্চুরি। তবে সেঞ্চুরির পর আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠেন তিনি, পরের ১৭ বলে দেড়শ রানের মাইলফলক স্পর্শ করেন।
হামজার তাণ্ডবে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২৮৮ রানের পাহাড় গড়ে রুয়ান্ডা। এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। ২৮৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে রুয়ান্ডার বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে আইভোরি কোস্টের ব্যাটিং লাইনআপ। মাত্র ১৭ রানেই গুটিয়ে যায় দলটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর চেয়ে কম রানে অলআউটের নজির আছে আর মাত্র চারটি। তবে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ডটি আইভোরি কোস্টের নিজেরই। নাইজেরিয়ার বিপক্ষে তারা স্রেফ ৭ রানে অলআউট হয়েছিল।
আর্থিক সহায়তা পেলেন সেই টুকটুকি