চট্টগ্রামের পটিয়ায় ১১ বছর বয়সী ৫ম শ্রেণির এক ছাত্রীকে যৌন পীড়নকারী আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ।
রবিবার (২৪ মে) সকালে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ১নং ওয়ার্ড বুধপুরা মাইজপাড়া হাজী জসিমের বাড়ী এলাকায় শরিফুল ইসলাম আইয়ুব (৩৫) যৌন নিপীড়ন করেন।
থানা সূত্রে জানা যায়, এ বিষয়ে থানায় সংবাদ প্রাপ্তির পর পর তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অবশেষে রাত ৮টা ৪৫ মিনিটে স্থানীয় বুধপুরা বাজার এলাকা হতে আসামি শরিফুল ইসলাম আইয়ুবকে গ্রেপ্তার করা হয়।
আইয়ুব পার্শ্ববর্তী জিরি ইউনিয়নের ৬নং ওয়ার্ড সাইদর গ্রামের কবির মাঝির বাড়ী মো. জহিরের ছেলে।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১০ ধারা মোতাবেক মামলা রুজু করা হয়েছে। নিয়ম অনুযায়ী আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
