যদি গবেষণাকে পেশা হিসেবে নিতে চান

আপডেট : ২৫ মে ২০২৬, ০১:৫২ এএম

বর্তমান বিশ্বে একটি দেশের ধারাবাহিক উন্নতি ও সমৃদ্ধি শুধু প্রাকৃতিক সম্পদ বা সামরিক শক্তির ওপর নির্ভর করে না। নতুন জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন এবং তথ্যনির্ভর কর্মপরিকল্পনার ওপর নির্ভর করে একটি দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি। এক্ষেত্রে গবেষণার কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তন, জনস্বাস্থ্য সংকট, খাদ্য নিরাপত্তা কিংবা ডিজিটাল রূপান্তরের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণাই একমাত্র পাথেয়। তাই গবেষণাকে শুধু শিক্ষাজীবনের একটি অংশ হিসেবে না দেখে, একটি পূর্ণাঙ্গ পেশা হিসেবে বিবেচনা করা অত্যন্ত জরুরি। গবেষণাকে পেশা হিসেবে নিতে তরুণ গবেষকদের প্রস্তুতি কেমন হবে, তা নিয়ে লিখেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও বিকে স্কুল অব রিসার্চের প্রতিষ্ঠাতা বিজন কুমার

গবেষণা পেশা

গবেষণা এমন একটি প্রক্রিয়া, যেখানে নির্দিষ্ট সমস্যা বৈজ্ঞানিক উপায়ে পদ্ধতিগত বিশ্লেষণের মাধ্যমে সমাজকল্যাণের লক্ষ্যে নতুন জ্ঞান সৃষ্টি করা হয়। যেমন, বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় গবেষকরা মশার প্রজনন, বিস্তার এবং প্রতিরোধ কৌশল খুঁজে বের করেন। আবার কৃষি গবেষকরা লবণাক্ততা সহনশীল ধান উদ্ভাবনের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখেন। এ সবই গবেষণার বাস্তব প্রয়োগের দৃষ্টান্ত। এ ধরনের নতুন জ্ঞানের সৃষ্টি ও বিতরণকে পেশা হিসেবে গ্রহণ করাই হলো গবেষণা পেশা।

বাংলাদেশে গবেষণার পরিধি দিন দিন বাড়ছে। কোভিড-১৯ মহামারী আমাদের শিখিয়েছে যে, স্থানীয় পর্যায়ে গবেষণা কতটা জরুরি। একইভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে যে চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, তা মোকাবিলায় পরিবেশভিত্তিক গবেষণা অপরিহার্য। সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে টেকসই উন্নয়ন অর্জনের খাতিরে প্রযুক্তি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স এবং সফটওয়্যার উদ্ভাবনে বাংলাদেশি তরুণ গবেষকদের এগিয়ে আসতে হবে।

পেশা হিসেবে গবেষণার কর্মক্ষেত্র

আশার দিক হলো, ধীরে ধীরে হলেও বাংলাদেশে গবেষণার কর্মক্ষেত্র বিস্তৃত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি গবেষণার সুযোগ যেমন রয়েছে, বিভিন্ন সরকারি গবেষণা প্রতিষ্ঠান তথা

কৃষি, স্বাস্থ্য বা বিজ্ঞানভিত্তিক সংস্থাগুলো নিয়মিত গবেষক নিয়োগ দেয়। পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা এবং বেসরকারি থিংক ট্যাংকগুলো উন্নয়ন, অর্থনীতি, সামাজিক ও জনস্বাস্থ্য ইস্যুতে গবেষণাকে পেশা হিসেবে গ্রহণ করার সুযোগ তৈরি করছে। ফলে গবেষণা এখন আর সীমিত ক্ষেত্র নয় বরং বহুমাত্রিক একটি পেশা হিসেবে গড়ে উঠছে। শুধুমাত্র দেশের অভ্যন্তরে নয়, সমগ্র পৃথিবীজুড়ে রয়েছে গবেষণাভিত্তিক পেশার অপরিমেয় সুযোগ। নাসা, গুগল, মাইক্রোসফট, আমাজন, বিশ্বব্যাংক, ইউএনডিপিসহ হাজারো প্রতিষ্ঠান রয়েছে যেখানে গবেষকদের জন্য রয়েছে উন্নতমানের ক্যারিয়ার গঠনের সুযোগ। বাংলাদেশের বহু তরুণ সেখানে যুক্ত আছেন।

পেশাদার গবেষক হওয়ার প্রস্তুতি চিহ্নিত করতে হবে আগ্রহ

গবেষণায় সফল হতে হলে প্রথমেই নিজের আগ্রহের জায়গা নির্ধারণ করতে হবে। কেউ যদি পরিবেশ নিয়ে কাজ করতে আগ্রহী হন, তবে তাকে জলবায়ু পরিবর্তন বা টেকসই উন্নয়ন নিয়ে পড়াশোনা করতে হবে। আবার কেউ যদি অর্থনীতি বা সমাজ নিয়ে কাজ করতে চান, তবে উন্নয়ন অর্থনীতি বা সামাজিক গবেষণায় মনোযোগ দিতে পারেন।

দরকার একাডেমিক জ্ঞানের শক্ত ভিত্তি আগ্রহের সঙ্গে একাডেমিক জ্ঞানের সামঞ্জস্য না

থাকলে গবেষণার দীর্ঘ পথ অতিক্রম করা কঠিন। শক্তিশালী একাডেমিক ভিত্তি ছাড়া গবেষণায় এগোনো সম্ভব নয়। তবে শুধু ভালো ফলাফল করাই যথেষ্ট নয়; যেকোনো বিষয় গভীরভাবে অনুধাবন করতে শিখতে হবে। পাশাপাশি নিয়মিত বই, গবেষণাপত্র ও নিবন্ধ পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বাংলাদেশে শিক্ষার্থীদের সাধারণত পরীক্ষাভিত্তিক পড়াশোনায় সীমাবদ্ধ থাকতে দেখা যায়, যা গবেষণার জন্য যথেষ্ট নয়। গবেষণার জন্য প্রয়োজন কৌতূহল। কেন একটি ঘটনা ঘটছে, এর পেছনের কারণ কী, এর প্রভাব কী হতে পারে, এবং কীভাবে এটিকে সমাধান করা যায় এসব প্রশ্নই একজন সাধারণ শিক্ষার্থীকে গবেষক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

জানতে হবে প্রযুক্তির ব্যবহার

বর্তমানে গবেষণায় আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য অনুষঙ্গ হয়ে পড়েছে। উপাত্ত বিশ্লেষণের জন্য এক্সেল, এসপিএসএস, আর স্টুডিও বা পাইথনের মতো সফটওয়্যার টুল জানা থাকলে গবেষণার পথ অনেক সহজ হয়। যেমন, কোনো দেশের জনসংখ্যা সংক্রান্ত বা যেকোনো বড় উপাত্ত বিশ্লেষণের জন্য এসব টুল ব্যবহারের কোনো বিকল্প নেই। এছাড়াও দক্ষ গবেষক হতে গবেষণা পদ্ধতি, তথ্য সংগ্রহ, এবং সমালোচনামূলক বিশ্লেষণ দক্ষতা অর্জন করাও জরুরি।

একজন দক্ষ গবেষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে বিশ্ববিদ্যালয় জীবন থেকেই ছোট ছোট অভিজ্ঞতা সঞ্চয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন, গবেষণা প্রকল্পে গবেষণা সহকারী হিসেবে কাজ করা, কিংবা কোনো জরিপ পরিচালনায় অংশ নেওয়া, এবং রিসার্চ রিপোর্ট বা থিসিস করা। এছাড়াও গবেষণা বিষয়ক সেমিনার, প্রশিক্ষণ বা কনফারেন্সে অংশগ্রহণ করা; এনজিও বা গবেষণা প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করে মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা তরুণ গবেষকদের বাস্তবমুখী অভিজ্ঞতা সমৃদ্ধ করে।

চাই অভিজ্ঞ মেন্টর

একজন অভিজ্ঞ মেন্টরের দিকনির্দেশনা গবেষণার পথে অনেক বাধা কমিয়ে দেয়। বাংলাদেশে অনেক শিক্ষার্থী সঠিক নির্দেশনার অভাবে পিছিয়ে পড়ে। তাই শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখা, গবেষণা সেমিনারে অংশ নেওয়া এবং পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রকাশ ও উপস্থাপন

একটি গবেষণার সাফল্য তখনই অর্থবহ হয়, যখন সেটি সঠিকভাবে উপস্থাপন করা যায়। গবেষণাপত্র লেখা এবং তা স্বনামধন্য জার্নালে প্রকাশ, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সেমিনার বা কনফারেন্সে উপস্থাপন করা হয়। অনেক সময় দেখা যায়, ভালো গবেষণা থাকা সত্ত্বেও উপস্থাপনার দুর্বলতা বা ভালো মানের জার্নালে প্রকাশিত না হওয়ার কারণে সেটি যথাযথ মূল্যায়িত হয় না।

গবেষকের থাকতে হয় ধৈর্য

গবেষণার পথ সাধারণত দীর্ঘ এবং বন্ধুর। অনেক সময় মাসের পর মাস কাজ করার পরও প্রত্যাশিত ফলাফল পাওয়া যায় না। বাংলাদেশে গবেষণার অপ্রতুল অনুকূল পরিবেশ ও অপর্যাপ্ত ফান্ড থাকার দরুণ এই চ্যালেঞ্জ আরও বেশি প্রকট। তাই ধৈর্য ধরে কাজ করা এবং ব্যর্থতা থেকে শেখার মানসিকতা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চাই পরিশ্রম ও সততা

গবেষণায় ক্যারিয়ার গড়তে মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি অপরিহার্য। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষার ও স্কলারশিপের অনেক সুযোগ রয়েছে। এসব স্কলারশিপ পেতে হলে ভালো একাডেমিক রেকর্ড, পঠনের উদ্দেশ্যসহ গবেষণার অভিজ্ঞতা প্রয়োজন হয়। সুতরাং, আন্তর্জাতিক অঙ্গনে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রেও গবেষণার গুরুত্ব অপরিসীম।

গবেষণায় সততা ও নৈতিকতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কুম্ভিলকবৃত্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার অযাচিত ব্যবহার, তথ্য বিকৃতি বা অনৈতিকতার আশ্রয় নেওয়া একজন গবেষকের ক্যারিয়ার ধ্বংসই করে না বরং, পুরো গবেষণা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই গবেষণার প্রতিটি ধাপে নৈতিকতা বজায় রাখা অপরিহার্য। বর্তমানে টার্নিটিন, আইথেনটিকেট, কুইলবোট, গ্রামারলিসহ নানাবিধ সফটওয়্যার রয়েছে যা ব্যবহারের মাধ্যমে সহজেই কুম্ভিলকবৃত্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যথেচ্ছ ব্যবহার চিহ্নিত ও উপেক্ষা করা যায়।

উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের অবারিত সুযোগ রয়েছে। এর জন্য প্রয়োজন সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও নীতিনির্ধারণ, যা কেবল সঠিক গবেষণার মাধ্যমেই সম্ভব। এ দেশের তরুণ প্রজন্ম যদি গবেষণাকে মূল পেশা হিসেবে গ্রহণ করে, তবে তারা শুধু নিজেদের ক্যারিয়ার গড়তেই পারবে না বরং দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। সঠিক প্রস্তুতি, আগ্রহ এবং অধ্যবসায় থাকলে গবেষণাই হতে পারে ভবিষ্যতের সবচেয়ে অর্থবহ পেশা। আমাদের প্রত্যাশা, গবেষণামুখী তরুণদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর উন্নত বাংলাদেশ। এক্ষেত্রে সরকারি ও বেসরকারি স্বপ্রণোদিত পৃষ্ঠপোষণা খুব জরুরি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত