মুন্সীগঞ্জে জাহাজ থেকে মালামাল খালাসের কাজ করার সময় বজ্রপাতে হাসান খান (৩৫) নামে শাহ সিমেন্ট ফ্যাক্টরির এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জের পশ্চিম মুক্তারপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে। নিহত হাসান খান পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মালেখ খানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,দুপুরে মুশলধারে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় শাহ সিমেন্ট ফ্যাক্টরির শ্রমিকরা ফ্যাক্টরির পাশে নদীতে নোঙর করা জাহাজ থেকে মালামাল খালাসের কাজ করছিলো। আকস্মিক বজ্রপাতে হাসান গুরুতর আহত হন।
এ সময় অন্যান্য শ্রমিকরা তাকে দ্রুত উদ্ধার করে মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি চিকিৎসক তাকে পর্যবেক্ষণ শেষে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ এএসএম ফেরদৌস জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।