মধ্য-আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার একটি সোনার খনিতে ধসে অন্তত ২৮ খনি শ্রমিক নিহত হয়েছেন। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, রবিবার দেশটির উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী ছোট একটি খনি ধসে প্রাণহানির এই ঘটনা ঘটে।
রাজধানী লুয়ান্ডার উত্তর-পূর্বে অবস্থিত বেঙ্গো প্রদেশের ওই খনিতে নিহতদের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। দেশটির উদ্ধারকারী বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন নিহতদের মধ্যে ১৩ জন একই পরিবারের সদস্য।
অ্যাঙ্গোলার জাতীয় সম্প্রচার মাধ্যম টিপিএকে পুলিশের এক কর্মকর্তা বলেছেন, শ্রমিকরা ওই এলাকায় কৌশলগত খনিজ, বিশেষ করে সোনা উত্তোলন করছিলেন। এ সময় আকস্মিকভাবে খনিটি ধসে পড়ে। তিনি বলেন, খনির ভেতরে আর কোনো মরদেহ আছে কি না, তা জানতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
বেঙ্গো প্রদেশের কর্মকর্তারা বলেছেন, ওই প্রদেশে প্রায় ৭ হাজার অবৈধ খনিকর্মী সোনা উত্তোলনের সঙ্গে জড়িত। হিরা, সোনাসহ অন্যান্য খনিজের সমৃদ্ধ ভাণ্ডার অ্যাঙ্গোলায় প্রতিবেশী দেশের হাজার হাজার মানুষ কর্মের সন্ধানে পাড়ি জমান। তাদের মধ্যে প্রতিবেশী দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) বিপুলসংখ্যক নাগরিকও রয়েছেন। দেশটিতে অবৈধ এবং অনিয়ন্ত্রিত খনিগুলোয় কাজের সন্ধানে যান তারা।
