আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের ফুটবলারদের জন্য রেকর্ড পরিমাণ বোনাস কাঠামো ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (কেএফএ)।
টানা ১১ বারের মতো বিশ্বকাপে যোগ্যতা অর্জন করায় স্কোয়াডের ২৬ জন ফুটবলারের প্রত্যেকেই নিশ্চিতভাবে পাচ্ছেন ৫০ মিলিয়ন ওন (প্রায় ৪০.৮১ লাখ টাকা)। ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় এটি দ্বিগুণেরও বেশি।
নকআউট পর্বের মহাপুরস্কার
গ্রুপ পর্বের বাধা পার হতে পারলেই শুরু হবে বড় অঙ্কের ওন ও টাকার ছড়াছড়ি:
- রাউন্ড অব ৩২-এ উঠলে: ১০০ মিলিয়ন ওন (প্রায় ৮১.৬২ লাখ টাকা)
- কোয়ার্টার ফাইনালে উঠলে: ৩০০ মিলিয়ন ওন (প্রায় ২.৪৫ কোটি টাকা)
- ফাইনালে পৌঁছালে: ৫০০ মিলিয়ন ওন (প্রায় ৪.০৮ কোটি টাকা)
- বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলে: ৬০০ মিলিয়ন ওন (প্রায় ৪.৯০ কোটি টাকা)
ম্যাচ জয়ের আলাদা বোনাস
ধাপভিত্তিক বোনাসের পাশাপাশি প্রতিটি ম্যাচ জয়ের জন্যও রয়েছে আলাদা আর্থিক পুরস্কার। গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য খেলোয়াড়রা পাবেন ৩০ মিলিয়ন ওন (প্রায় ২৪.৪৮ লাখ টাকা) এবং ড্রয়ের জন্য ১০ মিলিয়ন ওন (প্রায় ৮.১৬ লাখ টাকা)। নকআউট পর্বে প্রতি ম্যাচ জয়ের বোনাস আরও বাড়বে—যেমন সেমিফাইনাল জিতলে মিলবে ২০০ মিলিয়ন ওন এবং ফাইনাল জিতলে অতিরিক্ত ৩০০ মিলিয়ন ওন।
সর্বোচ্চ আয় হতে পারে ৮ কোটি টাকার বেশি!
কেএফএ জানিয়েছে, দক্ষিণ কোরিয়া যদি গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে, তবে ম্যাচ বোনাস ও ট্রফি জয়ের পুরস্কার মিলিয়ে একেকজন ফুটবলারের মোট আয় ১ বিলিয়ন ওন ছাড়িয়ে যাবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮ কোটি ১৬ লাখ টাকার সমান।
