পিরোজপুরের ভাণ্ডারিয়ায় কোরবানির পশুর হাটে চাঁদাবাজির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ভাণ্ডারিয়া থানা পুলিশ। মঙ্গলবার (২৬ মে) সকালে উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পারভেজ খান (২৭) উপজেলার মোজাম্মেল খানের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার ভাণ্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি গরুর হাটে মঙ্গলবার সকালে পারভেজ খান নামক এক ব্যক্তি সরকারি রাস্তার উপরে নিজে খুঁটি পুতে প্রতিটি গরু রাখার জন্য ৫০০ টাকা করে চাঁদা উঠাতে থাকে। পাশাপাশি প্রতিটি গরু বিক্রি হলে ২০০০ টাকা করে চাঁদা দাবি করে। উক্ত হাটে গরু বিক্রি করতে আসা সাঈদ মোল্লার (৫৫) নিকট একইভাবে চাঁদা দাবি ও মারপিট করলে গরুর হাটে ডিউটিরত পুলিশ জনসাধারণের সহায়তায় পারভেজ খানকে গ্রেপ্তার করে।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, মঙ্গলবার সকালে পশুর হাটে চাঁদাবাজির অভিযোগে পারভেজ খান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা রুজু করা হয়েছে।
