ববির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি নায়কের

আপডেট : ২৭ মে ২০২৬, ০১:৪৪ পিএম

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিলেন চিত্রনায়ক মুন্না খান। এবারের ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘তছনছ’ সিনেমা কলাকুশলীদের নিয়ে মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় রাজধানীর এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করে এর প্রযোজনা সংস্থা মুন্না খান মাল্টিমিডিয়া। কিন্ত নির্ধারিত সময়ে সিনেমার পরিচালক, প্রযোজকসহ অন্যান্য কলাকুশলীরা উপস্থিত হলেও আড়াই ঘণ্টা পার হওয়ার পরেও দেখা মেলেনি চিত্রনায়িকা ববির। 

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রযোজক ও চিত্রনায়ক মুন্না খান বলেন, সংবাদ সম্মেলনের এক ঘণ্টা আগেও ববি হকের সঙ্গে যোগাযোগ হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন, তিনি পথে আছেন এবং অনুষ্ঠানস্থলে আসছেন। তবে দীর্ঘক্ষণ তার জন্য অপেক্ষা করে অবশেষে তাকে ছাড়াই আমরা প্রেস মিট শুরু করতে বাধ্য হয়েছি। 

তিনি বলেন, কেন তিনি আজকের এই প্রেস মিটে আসেননি, সেটা যাচাই করা হবে। যদি তিনি ইচ্ছাকৃতভাবে এমনটি করে থাকেন, তাহলে আমি শিল্পী সমিতি ও প্রযোজক সমিতির কাছে ববির বিরুদ্ধে লিখিত অভিযোগ করব। অভিযোগের কোনো বিচার সমিতি না করলে ঈদের পর আমি কোর্টে গিয়ে ববি হকের বিরুদ্ধে চার কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করব। 

মুন্না খান বলেন, আমার বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হচ্ছে। ববি হকের না আসা যদি ষড়যন্ত্রের অংশ হয়ে থাকে এবং এ বিষয়ে যদি সমিতিগুলো কোনো বিচার না করে, তাহলে আর কোনো সিনেমা বানাব না। আগামীতে এক টাকাও আর লগ্নি করব না। 

তিনি অভিযোগ করে বলেন, ববি হককে ‘তছনছ’ সিনেমায় নির্মাতা যেভাবে উপস্থাপন করেছেন, তা অন্য কোনো পরিচালক করেননি। তার সকল দেনাপাওনার অতিরিক্ত পরিশোধ করা হয়েছে। বরং ববি হকের গাফিলতির কারণে শুটিংয়ে অতিরিক্ত ৮০ লাখ টাকা ব্যয় হয়েছে। যখন সিনেমার প্রচারণার সময় এল, তখন তিনি কোনো কারণ না জানিয়েই অনুপস্থিত। 

এ বিষয়ে ববির সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া মেলেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত