বিএনপির দেওয়া সব প্রতিশ্রুতিই পূরণ হবে: রিজভী

আপডেট : ২৭ মে ২০২৬, ০৩:৩০ পিএম

বর্তমান সরকারের ১০০ দিনের কার্যক্রম মূল্যায়ন করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাদা চোখে যা দেখছি, তারা প্রতিশ্রুতিগুলো পালনের জন্য চেষ্টা করছে। এটি একটি গণমুখী সরকার গড়ে ওঠার প্রচেষ্টা। তিনি বলেন, বিএনপির দেওয়া সব প্রতিশ্রুতি পূরণ হবেই। শুরুটা সুন্দর হয়েছে, শেষটাও সুন্দর হবে আশা করি।

বুধবার (২৭ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

গার্মেন্টস খাতের স্থিতিশীলতা প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, গার্মেন্টস শ্রমিকদের বোনাস ও ভাতা পরিশোধ করা হয়েছে। এই বোনাস ও বেতন শোধ করতে সরকার গার্মেন্টস মালিক পক্ষকেও সহায়তা করেছে। 

পবিত্র ঈদুল আজহা ঘিরে যাতায়াত প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ঈদ ঘিরে প্রতিবছর সাধারণ মানুষকে অনেক ভোগান্তির শিকার হতে হয়, তবে এবার ভোগান্তি অনেকটাই কম। সরকার প্রধানের কর্মজ্ঞান মন্ত্রীসহ সব পর্যায়ের লোকের ওপর প্রভাব ফেলছে এবং একটি ইতিবাচক চাপ তৈরি করছে। এর ফলে সবাই সময় মেনে চলছেন। হয়তো শতভাগ নয়, তবে অনেকটাই শৃঙ্খলা ফিরছে।

গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, গণতন্ত্রের জন্য যে লড়াই, সে লড়াইয়ে মত প্রকাশের অধিকার রয়েছে। তবে কুৎসা রটানো গণতান্ত্রিক মত প্রকাশের মধ্যে পড়ে না। ইচ্ছে করে কালিমা লিপ্ত করলেই তা কালিমা লিপ্ত হয় না।

প্রতিবেশী দেশ ভারতের সাম্প্রতিক ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ভারত একটি চন্দ্র নীতি নিয়েছে, এটি ভয়ংকর। এতে ভারতের নিরপেক্ষ আচরণ ক্ষুণ্ন হচ্ছে। ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর তাদের অত্যাচার এবং বাংলাদেশে পাঠানোর যে ‘পুশিং’, তা ন্যাক্কারজনক। এগুলো সৎ প্রতিবেশীর আচরণ নয়।

রাজধানীতে মেট্রোরেলের নিচে গরুর হাট বসানো নিয়ে সৃষ্ট বিতর্ক প্রসঙ্গে রিজভী বলেন, মেট্রোরেলের নিচে গরুর হাট বসানোর ঘটনা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তবে প্রশাসন ইতিমধ্যেই এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। 

বর্তমান সরকারকে জবাবদিহিমূলক সরকার উল্লেখ করে তিনি বলেন, জনদুর্ভোগ তৈরি করে এমন কোনো কাজই সরকার মেনে নেয় না। এর সঙ্গে দলীয় কেউ জড়িত থাকলেও কোনো ছাড় দেওয়া হবে না।

আগামী ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী স্মরণ করে তিনি বলেন, ৩০ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী, আমরা তা সফল করবো।

এছাড়া রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে মর্মান্তিক আখ্যা দিয়ে রুহুল কবির রিজভী বলেন, আদ-দ্বীন হাসপাতালে এই মর্মান্তিক শিশু মৃত্যুর ঘটনা কেন ঘটলো, তা তদন্ত করে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত