পটুয়াখালীর দুমকিতে লুথার্যান হেলথ কেয়ার হাসপাতালের জনপ্রিয় চিকিৎসক ডা. অমিতাভ তরফদারকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর অভিযোগ উঠেছে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় দুমকিসহ আশপাশের কয়েকটি উপজেলার মানুষের কাছে আস্থার প্রতীক ছিল লুথার্যান হেলথ কেয়ার হাসপাতাল। তবে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত অভ্যন্তরীণ নানা জটিলতা ও দ্বন্দ্বের কারণে প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। এর মধ্যেও দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা দিয়ে রোগীদের আস্থা ধরে রেখেছিলেন ডা. অমিতাভ তরফদার।
স্থানীয়দের দাবি, মানবিক আচরণ ও সেবামূলক মনোভাবের কারণে দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। অনেকেই তাকে মানবিক ডাক্তার হিসেবেও উল্লেখ করেন।
ডা. অমিতাভ তরফদারকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর পেছনে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কোন্দল ও একটি প্রভাবশালী পক্ষের ভূমিকা রয়েছে বলেও অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই আশঙ্কা প্রকাশ করে বলেছেন, তাকে সরিয়ে দেওয়া হলে হাসপাতালটি সাধারণ মানুষের আস্থা হারাতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নাহিদ হাসান ইমরান লেখেন, ডা. অমিতাভ তরফদার তার চিকিৎসা সেবার মাধ্যমে সবার মন জয় করে নিয়েছেন। দুমকিতে উনিই একজন মানুষ যাকে দল-মত নির্বিশেষে সবাই অত্যন্ত পছন্দ করেন। তাকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। প্রতিষ্ঠানের সুনাম টিকিয়ে রাখতে ওনার বিকল্প নেই।
আনোয়ারুজ্জামান ইমরাজ লিখেছেন, ডা. অমিতাভ তরফদার শুধু একজন মানবিক ডাক্তারের নাম নয়, তিনি দুমকিবাসীর কাছে একটি অনুভূতির নাম। হাসপাতাল কর্তৃপক্ষ সাধারণ মানুষের প্রয়োজন বিবেচনা করে তাকে পুনরায় কর্মস্থলে ফিরিয়ে আনবে বলে আশা করি।
তবে এ বিষয়ে লুথার্যান হেলথ কেয়ার কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ডা. অমিতাভ তরফদার দেশরূপান্তরকে বলেন, আমার সুনাম ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিষ্ঠানের ভেতরের একটি চক্র গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমাকে হেয় করার নানা চেষ্টা ব্যর্থ হলে পারিবারিক একটি বিষয়কে সামনে এনে ইস্যু তৈরির চেষ্টা করা হচ্ছে। এরই জেরে আমাকে অনির্দিষ্ট সময়ের জন্য ছুটিতে পাঠানো হয়েছে।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত