ক্লিনিক বন্ধ করে গোপনে নেইমারের মেডিকেল পরীক্ষা

আপডেট : ২৮ মে ২০২৬, ০৯:১৪ এএম

বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়েই মেডিকেল পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে। ব্রাজিলের ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বুধবার (২৭ মে) সকাল থেকেই জানত যে, তেরেসোপোলিসে পৌঁছানোর পর নেইমারের একটি এমআরআই  করা হবে। এই পরীক্ষার গোপনীয়তা ও সর্বোচ্চ নিরাপত্তা বজায় রাখতে সিবিএফের প্রতিনিধিরা দুপুর ১২টার দিকে স্থানীয় একটি ক্লিনিকে গিয়ে পুরো বিকালের জন্য সেটি একচেটিয়া ব্যবহারের চুক্তি  করেন।

সিবিএফের অনুরোধে তেরেসোপোলিসের ওই ডায়াগনস্টিক সেন্টারটি (সিডিটি) তাদের স্বাভাবিক সময়সীমা (সন্ধ্যা ৭টা) সংক্ষিপ্ত করে বিকেল ৪টার মধেই সাধারণ কার্যক্রম বন্ধ করে দেয়। এর উদ্দেশ্য ছিল যেন শেষ বিকেলে নেইমার সম্পূর্ণ ব্যক্তিগত ও নিরিবিলি পরিবেশে সেখানে পরীক্ষা করাতে পারেন। শুধু তাই নয়, এই পরীক্ষার কোনো তথ্য বা ছবি যাতে কোনোভাবেই বাইরে ফাঁস না হয়, সেজন্য দায়িত্বপ্রাপ্ত ক্লিনিক কর্মীদের কাছ থেকে একটি বিশেষ ‘গোপনীয়তার চুক্তিপত্র’ বা নন-ডিসক্লোজার বন্ডে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়।

বিকেল আনুমানিক ৫টার দিকে একটি ভ্যানে করে নেইমার ওই ক্লিনিকে পৌঁছান। তার সাথে ছিলেন জাতীয় দলের প্রধান চিকিৎসক রদ্রিগো লাসমার, সুপারভাইজার সার্জিও দিমাস এবং দুজন ব্যক্তিগত নিরাপত্তা প্রহরী। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ক্লিনিকে অবস্থান করার পর পরীক্ষা শেষে তিনি আবার ‘গ্রানজা কোমারি’ ট্রেইনিং সেন্টারে ফিরে যান। ক্লিনিকে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সেখানে অবস্থানকালে নেইমারকে বেশ বিমর্ষ, চিন্তিত ও চুপচাপ দেখা গেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত