দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে (এমসিইউ) যোগ দিচ্ছেন হলিউড তারকা রায়ান গসলিং। তিনি মার্ভেলের নতুন ‘ঘোস্ট রাইডার’ চরিত্রে অভিনয় করবেন। ২০২৮ সালে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
শনিবার (২৫ জুলাই) সান ডিয়েগো কমিক-কনের বহুল প্রতীক্ষিত হল এইচ উপস্থাপনায় মার্ভেল স্টুডিওস আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। ঘোষণার সঙ্গে সঙ্গেই উপস্থিত ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায় বলে জানিয়েছে দ্য হলিউড রিপোর্টার।
তিনবারের অস্কার মনোনীত গসলিং এই ছবিতে আবারও কাজ করবেন পরিচালক শন লেভি এবং চিত্রনাট্যকার জোনাথন ট্রপার-এর সঙ্গে। এর আগে তারা একসঙ্গে ‘স্টার ওয়ার্স: স্টারফাইটার’ ছবিতে কাজ করেছেন, যা ২০২৭ সালের ২৮ মে মুক্তি পাওয়ার কথা।
‘ঘোস্ট রাইডার’ পরিচালনা করবেন শন লেভি, আর চিত্রনাট্য লিখছেন জোনাথন ট্রপার।
এর আগে বড় পর্দায় ঘোস্ট রাইডার চরিত্রে অভিনয় করেছিলেন নিকোলাস কেজ। তিনি ‘ঘোস্ট রাইডার’ (২০০৭) এবং ‘ঘোস্ট রাইডার: স্পিরিট অব ভেনজেন্স’ (২০১১) ছবিতে এই চরিত্রে অভিনয় করেন। দুটি ছবি মিলিয়ে বিশ্বব্যাপী আয় হয়েছিল ৩৬ কোটি ১০ লাখ ডলারেরও বেশি।
ঘোস্ট রাইডারের গল্পে জনি ব্লেজ একজন মোটরসাইকেল স্টান্ট শিল্পী, যিনি নিজের আত্মা বিক্রি করে অতিপ্রাকৃত প্রতিশোধস্পৃহায় উজ্জীবিত এক শক্তিশালী সত্তায় রূপান্তরিত হন।
তবে ২০০৭ সালের ছবিতে রক্সান সিম্পসন চরিত্রে অভিনয় করা ইভা মেন্ডেস, যিনি বাস্তব জীবনেও রায়ান গসলিংয়ের সঙ্গী, নতুন ছবিতে ফিরবেন কি না— সে বিষয়ে এখনো কোনো ইঙ্গিত দেয়নি মার্ভেল।
গত বছরের সান ডিয়েগো কমিক-কনেও গসলিং উপস্থিত ছিলেন। তখন তিনি পরিচালক ফিল লর্ড ও ক্রিস্টোফার মিলার পরিচালিত ‘প্রজেক্ট হেইল মেরি’ ছবির প্রচারণায় অংশ নেন। চলতি বছরের মার্চে মুক্তি পাওয়া বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক ছবিটি বিশ্বব্যাপী ৬৮ কোটি ৪০ লাখ ডলারের বেশি আয় করেছে।
এদিকে, গসলিংকে অস্কারজয়ী পরিচালক জুটি ড্যানিয়েলস-এর ইউনিভার্সাল পিকচার্সের একটি গোপন প্রকল্পের সঙ্গেও যুক্ত করা হয়েছিল। তবে সময়সূচির জটিলতার কারণে তিনি সেই প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, ‘ঘোস্ট রাইডার’-এ অভিনয়ের প্রতিশ্রুতির কারণেই তিনি ওই সিদ্ধান্ত নিয়েছেন।