গোপালগঞ্জে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

আপডেট : ২৮ মে ২০২৬, ০২:০০ পিএম

গোপালগঞ্জের বেদগ্রামে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। 

বৃহস্পতিবার (২৮ মে) জেলার বেদগ্রাম এলাকায় দোলা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলে ধাক্কা দিলে এ প্রাণহানির ঘটনা ঘটে।

তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে দু'জন মোটরসাইকেল ও তিনজন বাসের যাত্রী রয়েছেন।

পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ইন্সপেক্টর নিয়ামুল হুদা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেদগ্রাম এলাকায় একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের তীব্র সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থল ও হাসপাতালে নেওয়ার পর পাঁচজনের মৃত্যু হয়।  স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, যার ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত