ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে শিরোপার অন্যতম প্রধান দাবিদার হিসেবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার নাম উল্লেখ করেছেন। জনপ্রিয় স্ট্রিমিং চ্যানেল ‘কাজেটিভি’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ২৫ বছর বয়সী এই ফুটবলার বিশ্ব ফুটবলের বর্তমান প্রেক্ষাপট এবং আসন্ন টুর্নামেন্টে বড় দলগুলোর সম্ভাবনা নিয়ে বিস্তারিত কথা বলেন।
আসন্ন বিশ্বকাপে নিজেদের দেশ ব্রাজিল ছাড়া আর কোন কোন দল ট্রফি জেতার দৌড়ে এগিয়ে থাকবে, সেটির একটি ব্যক্তিগত ‘টপ ৫’ তালিকা দিয়েছেন ভিনিসিয়ুস তার এই তালিকায় রয়েছে স্পেন, পর্তুগাল ও ফ্রান্সের মতো ইউরোপীয় পরাশক্তিরা। তবে বিশেষ গুরুত্ব দিয়ে তিনি আর্জেন্টিনার নাম যোগ করেন
ভিনিসিয়ুস বলেন, 'আমি আর্জেন্টিনাকে এই তালিকায় রাখব কারণ ওরা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। ওদের মধ্যে সেই আত্মবিশ্বাসটা আছে এবং দলে মেসি আছে। মেসি সবসময়ই অন্য স্তরের একজন খেলোয়াড়, সে মাঠে কখন কী করে বসবে তা আপনি কখনই আগে থেকে কল্পনা করতে পারবেন না।'
সাক্ষাৎকারে ব্রাজিল দলের ভেতরের পরিবেশ ও ঐতিহাসিক জার্সি নম্বর বণ্টন নিয়েও কথা বলেন রিয়াল মাদ্রিদ তারকা। বিশ্বকাপে কে ১০ নম্বর জার্সি পরে মাঠে নামবেন—এমন প্রশ্নের জবাবে নেইমারের প্রতি নিজের গভীর শ্রদ্ধা প্রকাশ করে ভিনিসিয়ুস বলেন, "বিশ্বকাপে আমার জার্সি নম্বর কত হবে তা জানি না, তবে ১০ নম্বর জার্সিটি নেইমারের জন্যই বরাদ্দ, এটা একেবারেই স্পষ্ট"।
ধারণা করা হচ্ছে, নেইমার তার ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপে ১০ নম্বর জার্সিটিই ধরে রাখবেন এবং ভিনিসিয়ুস রিয়াল মাদ্রিদের মতো জাতীয় দলেও নিজের প্রিয় ৭ নম্বর জার্সি পরে মাঠে নামবেন।
ভিনিসিয়ুস কোনো ধরনের ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতাকে প্রশ্রয় না দিয়ে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দেরও খোলা মনে প্রশংসা করেছেন। বার্সেলোনার তরুণ স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামাল সম্পর্কে তিনি বলেন, "স্পেনের লামিন ইয়ামাল বর্তমানে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। ও মাঠের মধ্যে অবিশ্বাস্য সব জিনিস উপহার দেয়। ও এমন একজন খেলোয়াড় যে একাই একটি বিশ্বকাপ জেতাতে পারে। ওর খেলা দেখার জন্য মানুষ আলাদাভাবে টাকা খরচ করতেও দ্বিধা করবে না"।
এ ছাড়া তিনি পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো, স্পেনের পেদ্রি এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও ওসমানে ডেম্বেলেকেও অন্যতম সেরা হিসেবে উল্লেখ করেন।
ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদে তার নতুন সতীর্থ কিলিয়ান এমবাপ্পের সাথে কোনো ধরনের ইর্ষা বা মনমালিন্যের খবর উড়িয়ে দিয়ে ভিনিসিয়ুস বলেন, ফরাসি স্ট্রাইকার ক্লাবে আসার আগেই তিনি তাকে মাদ্রিদে আসার জন্য নিয়মিত মেসেজ পাঠাতেন। তাদের মধ্যকার সম্পর্ক চমৎকার এবং মাঠে খুব দ্রুতই তাদের দারুণ রসায়ন ও শিরোপা আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। রিয়াল মাদ্রিদের সাথে ভিনিসিয়ুসের চুক্তি রয়েছে ২০২৭ সাল পর্যন্ত।
নিজের পেশাদার ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে ভিনিসিয়ুস জানান, অবিলম্বে ব্রাজিলে ফেরার কোনো পরিকল্পনা না থাকলেও ক্যারিয়ারের শেষভাগে নিজের শৈশবের ক্লাব ফ্ল্যামেঙ্গোতে অবশ্যই ফিরবেন। তবে খুব বেশি বয়সে বা ফর্ম হারিয়ে নয়, বরং শারীরিক ও মানসিকভাবে শতভাগ ফিট থাকা অবস্থাতেই ফিরতে চান তিনি। মজার ছলে তিনি যোগ করেন, "আমি যখন ফিরব, তখন আমার বয়স খুব বেশি হবে না! ফ্ল্যামেঙ্গোর হয়ে আমাকে ‘কোপা লিবার্তোদোরেস’ জিততেই হবে"।