কাপাসিয়া

হাঁস ধরতে গিয়ে পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

আপডেট : ৩১ মে ২০২৬, ০২:২৪ এএম

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আজগর হোসেন শুভ্র (২২) নামে উত্তরা ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
  
শুক্রবার (৩০ মে) বিকেলে উপজেলার টোক ইউনিয়নের কাশেরা গ্রামে এ ঘটনা ঘটে। 

পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের খালার বাড়িতে থাকা একটি রাজহাঁসের বাচ্চা ধরতে পুকুরে নামেন শুভ্র। প্রায় ১৫ ফুট গভীর ওই পুকুরে সাঁতরে হাঁসটি ধরার চেষ্টা করার সময় হঠাৎ তিনি পানির নিচে তলিয়ে যান।

এ সময় তাকে ডুবে যেতে দেখে পুকুরপাড়ে থাকা লোকজন চিৎকার শুরু করলে আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তারা পুকুরে নেমে প্রায় ১৫ থেকে ২০ মিনিট খোঁজাখুঁজির পর শুভ্রকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

তাকে দ্রুত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) যোবায়ের হোসেন জানান, পানিতে ডুবে মৃত্যুর একটি ঘটনা সম্পর্কে পুলিশ অবগত হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত