বাবা-ছেলেসহ সড়কে ঝরল ১৩ প্রাণ

আপডেট : ০২ জুন ২০২৬, ০৪:১২ এএম

পাঁচ জেলার বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ সড়কে ঝরল ১৩ জনের প্রাণ। নিহতদের মধ্যে আটজনই মোটরসাইকেল আরোহী। এই দুর্ঘটনাগুলোতে আহত হয়েছেন ২৩ জন। এর মধ্যে চট্টগ্রামের ফটিকছড়িতে বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু হয়। নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। জয়পুরহাটের ক্ষেতলালের নিশ্চিন্তা বাজার চানপাড়া গ্রামের খড়িকাটা এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। চট্টগ্রামের বাঁশখালীর প্রধান সড়কে পিকআপ, ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও সিএনজি চালকসহ তিনজন আহত হয়েছেন। কুয়াকাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস, ড্রাম ট্রাক, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে ভয়াবহ সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হন। যশোরের মনিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন। দেশ রূপান্তরের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন

ফটিকছড়ি (চট্টগ্রাম) : চট্টগ্রামের ফটিকছড়িতে বিআরটিসি বাস, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ি পাইন্দং আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনায় জড়িত বিআরটিসির বাসে আগুন ধরিয়ে দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার সময় পেছন দিক থেকে বিআরটিসির একটি বাস ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী স্থানীয় মোটরসাইকেল মেকানিক শাহজাহান (৫০) ও তার ছেলে মো. আরিফ (১৮) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু করেন।

সিংড়া (নাটোর) : নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান জানান, গতকাল সোমবার সকাল ৬টার দিকে নাটোর থেকে মোটসাইকেলে তিন আরোহী সিংড়া যাচ্ছিলেন। এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা আমবোঝাই একটি ট্রাক নাটোর-বগুড়া মহাসড়কের আমতলা ব্রিজ এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জীবন আলী ও মুক্তার হোসেন হিরা নামে মোটরসাইকেলে থাকা দুই যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত হন সাইফুল ইসলাম। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে মারা যান।

নিহত মুক্তার হোসেন হিরার বাড়ি নাটোর সদর উপজেলার ইসলাবাড়ি গ্রামে, জীবন আলীর বাড়ি নাটোরের লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামে ও সাইফুল ইসলামের বাড়ি নাটোর সদর উপজেলার আলাইপাড়া গ্রামে।

জয়পুরহাট : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজার চানপাড়া গ্রামের আঞ্চলিক সড়কের খড়িকাটা এলাকায় গতকাল সোমবার দুপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কালাই উপজেলার সরাইল গ্রামের ইমন সরকার (৩০) এবং তার প্রতিবেশী ও শ্যালক হারুঞ্জা গ্রামের ফেরদৌস নিহত হন। নিহত ইমনের স্ত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, ঈদ উপলক্ষে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলটি খড়িকাটা এলাকায় পৌঁছালে রাস্তায় খড়ের সঙ্গে মোটরসাইকেল  সিøপ করে ট্রাকের সঙ্গে থাকা খেয়ে এ দুর্ঘটনার শিকার হয়। এ সময় মোটরসাইকেল আরোহী ইমন সরকার ঘটনাস্থলে নিহত হন ও ফেরদৌস হাসপাতালে নেওয়ার পর মারা যান। 

বাঁশখালী (চট্টগ্রাম) : চট্টগ্রামের বাঁশখালীর প্রধান সড়কের মনছুরিয়া বাজারের উত্তর পাশে গরুর বাজারসংলগ্ন এলাকায় গতকাল সোমবার সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বাঁশখালী হয়ে পেকুয়ারগামী একটি মাছবাহী পিকআপ ট্রাকের (চট্টমেট্রো ন ১১-৯৫১৮) সঙ্গে মহেশখালী থেকে বাঁশখালী হয়ে চট্টগ্রামগামী যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে বাহাদুর আলম (২৮) কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জাহিদাঘোনা এলাকার বাসিন্দা মারা যান। তিনি চট্টগ্রামের আগ্রাবাদে একটি আর্থিক প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনার মারা যান বলে স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়। এ ঘটনায় গুরুতর আহত কক্সবাজারের মহেশখালী পৌরসভার লাতুয়ার ডেইল এলাকার আবুল বশরের ছেলে মোহাম্মদ নোমান ইলাহিকে (৩৪) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা যায়। বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক বলেন, নিহতের মরদেহ থানার মর্গে রাখা হয়েছে।

কুয়াকাটা (পটুয়াখালী) : পটুয়াখালীর কুয়াকাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় জিসান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় রাব্বি (১৮) ও আবির (১৬) নামে আরও দুই কিশোর আহত হন। একই সঙ্গে মিম নামে এক পথচারীও গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটার লেম্বুরবন ময়লা পয়েন্ট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান শরীয়তপুর জেলার পালং থানার কাসাপুর গ্রামের আমির হোসেন শেখের ছেলে।

সীতাকুন্ড (চট্টগ্রাম) : চট্টগ্রামের সীতাকুন্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস, ড্রাম ট্রাক, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে ভয়াবহ সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।

গত রবিবার রাতে উপজেলার বাড়বকুন্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জারিয়া বেগম (৪৫) বাড়বকুন্ড ইউনিয়নের মিয়ারজীপাড়া এলাকার বাসিন্দা এবং জহুরুল আলমের স্ত্রী। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাস বাড়বকুন্ড- বাজার এলাকায় পৌঁছালে মহাসড়কে ওঠার চেষ্টা করা একটি মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় সড়কের পাশে অবস্থানরত জারিয়া বেগম বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।

যশোর : যশোরের মনিরামপুরে রাজগঞ্জ-তালতলা সড়কের তালতলা এলাকায় রবিবার রাত সোয়া ৯টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার কাশিমনগর ইউনিয়নের নাদরা গ্রামের ইসমাইলের ছেলে রাকিব (২৭) এবং কামরুজ্জামানের ছেলে মেহেদী হাসান (২৫)। স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব ও মেহেদী একই মোটরসাইকেলে করে রাজগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে তালতলা এলাকায় পৌঁছালে সামনে থাকা আরেকটি মোটরসাইকেলকে ওভারটেক করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তারা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত