ফায়ার সেফটি প্ল্যান ছাড়াই চলছে আদ-দ্বীন হাসপাতাল!

আপডেট : ০২ জুন ২০২৬, ১১:৫০ এএম

রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে বৈধ অগ্নি নিরাপত্তা লাইসেন্স না থাকা ও বাধ্যতামূলক ফায়ার সেফটি প্ল্যান জমা না দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি এ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আলোচনার কেন্দ্রে আসা প্রতিষ্ঠানটির অগ্নি নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়েও নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স জানিয়েছে, ২০২৩ সালের পর থেকে হাসপাতালটি তাদের অগ্নি নিরাপত্তা লাইসেন্স নবায়ন করেনি। পাশাপাশি ফায়ার প্রিভেনশন অ্যান্ড এক্সটিংগুইশিং অ্যাক্ট, ২০০৩ ও বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী বাধ্যতামূলক ফায়ার সেফটি প্ল্যান এখনো জমা দেয়নি।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার শাহজাহান সিকদার জানান, কর্তৃপক্ষকে একাধিকবার নোটিশ দেওয়া হলেও তারা সাড়া দেয়নি। চলতি বছরের জানুয়ারিতে তিন মাসের মধ্যে ফায়ার সেফটি প্ল্যান জমা দিয়ে প্রয়োজনীয় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছিল, কিন্তু নির্ধারিত সময়েও তা বাস্তবায়ন হয়নি।

অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আদ-দ্বীন ফাউন্ডেশনের হিউম্যান রিসোর্স ও কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক তারিকুল ইসলাম মুকুলের দাবি, হাসপাতালের সব নথি হালনাগাদ রয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে।

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে হাসপাতালটিকে ঘিরে তদন্ত জোরদার হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। রমনা থানায় দায়ের হওয়া মামলার তদন্তও চলমান।

ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষে প্রকৃত কারণ উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত