রেসিপি দিয়েছেন : সুমাইয়া আশরাফ শিল্পী
মাংসের চাপ ফ্রাই
উপকরণ
গরুর মাংসের চাপ ২ কেজি, টক দই আধা কেজি, আদা বাটা ২ চামচ, বসুন বাটা ২ চা চামচ, সয়াবিন তেল ২০০ গ্রাম, শুকনা মরিচ গুঁড়া ২ চা চামচ, গরম মসলা গুঁড়া ৩ চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ দেড় চা চামচ।
যেভাবে তৈরি করবেন
প্রথমে গরুর মাংসের চাপ টক দই ও লবণ দিয়ে মেখে নিন। এবার আদা রসুন শুকনা মরিচের গুঁড়া ও গরম মসলা সব উপকরণ একসঙ্গে মাখিয়ে মেরিনেট করে এক ঘণ্টা রেখে দিন। এরপর দেড় লিটার পানিতে দিয়ে সেদ্ধ করুন। চাপ সেদ্ধ হয়ে গেলে একটা একটা করে গরম তেলে চাপ ভেজে নিন। পোলাও, পরোটা বা রুটির সঙ্গে পরিবেশন করুন।
গরুর ভুঁড়ি ভাজা
উপকরণ
গরুর ভুঁড়ি ১ কেজি, রসুন ও আদা বাটা মেলানো ৩ চামচ, শুকনা মরিচ গুঁড়া ৩ চামচ, হলুদ গুঁড়া দেড় চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, ধনে পাতা ১ চা চামচ, আস্ত গরম মসলা এলাচি-দারচিনি ৩টি করে, তেল ১ কাপ, শুকনো মরিচ আস্ত ৬টি, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন কুচি ২ চামচ, লবণ ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ৩ চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ ২ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
গরুর ভুঁড়ি ভালো করে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে নিন। এবার ছোট ছোট টুকরা করে কেটে হলুদ, মরিচ, আদা, রসুন, জিরা, ধনিয়া, গরম মসলাসহ সব উপকরণ একসঙ্গে মাখিয়ে পানি দিয়ে সেদ্ধ করে নিন। ভুঁড়ি সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। অন্য একটি কড়াইতে তেল গরম করে শুকনা মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে বাগার দিন। ভাজা ভাজা হয়ে গেল ভুঁড়ি ভুনা চুলা থেকে নামিয়ে ভাত ও রুটির সঙ্গে পরিবেশন করুন।
পায়া ও কারিলির হালিম
উপকরণ
প্রথম ধাপ : মসুরের ডাল ২০০ গ্রাম, মুগ ডাল ২০০ গ্রাম, মাষকলাই ডাল ২০০ গ্রাম, বুটের ডাল ২০০ গ্রাম, মটর ডাল ২০০ গ্রাম, পোলাও চাল ২০০ গ্রাম, গম ভাঙানো ২০০ গ্রাম।
দ্বিতীয় ধাপ : গরুর পায়া ও কারিলির মাংস ২ কেজি, সয়াবিন তেল ১ কাপ, আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ২ চামচ, মরিচ গুঁড়া ২ চা চামচ, হলুদ গুঁড়া ২ চামচ, জিরা গুঁড়া ১ চামচ, ধনিয়া গুঁড়া ১ চামচ, গরম মসলা গুঁড়া ২ চা চামচ, পেঁয়াজ কুচি ২০০ গ্রাম, তেতুলের ক্বাথ ৪ চা চামচ, লবণ ১ চা চামচ, পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ।
তৃতীয় ধাপ : হালিমের মসলা : এলাচ, দারচিনি, লং, মেথি, জিরা, স্টার মসলা, জয়ত্রী, জয়ফল, হলুদ, সরিষা, মৌরি সব মসলা অল্প অল্প করে পরিমাণ মতো নিয়ে শুকনা কড়াইতে দুই থেকে তিন মিনিট ভেজে নিন। এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করুন। এই গুঁড়া মসলা ৪ চা চামচ হালিমে দিতে হবে।
যেভাবে তৈরি করবেন
প্রথম ধাপের সব উপকরণ একসঙ্গে করে হাঁড়িতে সেদ্ধ করে নিন। এবার হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ম্যাশ করুন। হালিমের ডাল তৈরি হয়ে গেল। এবার দ্বিতীয় ধাপে পায়া ও কারিলির মধ্যে সব রকম মসলা দিয়ে মাখিয়ে চুলায় সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে হালিমের মসলা ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশ করুন।