বজ্রপাতে একসঙ্গে ১৩ গরু ও এক মহিষের মৃত্যু

আপডেট : ০৪ জুন ২০২৬, ০১:৫১ এএম

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মাঠে ঘাস খাওয়ার সময় বজ্রপাতে একসঙ্গে ১৩ গরু ও একটি মহিষের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই চা বাগান ও পাথরটিলা এলাকায় এ ঘটনা ঘটে। গবাদিপশুর মালিকরা হলেন কুচাই চা বাগান এলাকার রবি মুন্ডা, কালাচান মুন্ডা, বুধুলাল মুন্ডা, রাজেন মুন্ডা, মক্র মুন্ডা, চিনিলাল মুন্ডা ও বিরসা মুন্ডা। তারা সবাই চা শ্রমিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই চা বাগান এলাকায় একটি মাঠের মধ্যে গরুগুলো ঘাস খাচ্ছিল। এমন সময় হঠাৎ তীব্র বজ্রপাতে ১৩টি গরু ঘটনাস্থলেই মারা যায়। একই সময়ে পাথরটিলা এলাকায় একটি মহিষও বজ্রপাতে মারা যায়।

হঠাৎ এ বজ্রপাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। গবাদিপশুগুলো ছিল তাদের পরিবারের আয়ের অন্যতম প্রধান উৎস। এক মুহূর্তেই জীবিকার গুরুত্বপূর্ণ অবলম্বন হারিয়ে এসব পরিবার দিশেহারা হয়ে পড়েছে।

কুড়িগ্রামে কৃষক ও দুই গরুর মৃত্যু : কুড়িগ্রামে পৃথক বজ্রপাতে এক কৃষক ও দুটি গরুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলার ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলায় এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম আনোয়ার হোসেন (৪৪)। তিনি ভূরুঙ্গামারীর বলদিয়া ইউনিয়নের পূর্বকেদার গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হলে মাঠে বাঁধা গরু আনতে যান আনোয়ার। গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে একই সময়ে জেলার নাগেশ্বরী উপজেলায় বজ্রপাতে পৃথক স্থানে দুটি গরু মারা যায়। কেদার ইউনিয়নের পশ্চিম বিষ্ণুপুর গ্রামের আনছার আলীর একটি ও কালীগঞ্জ ইউনিয়নের কমেদপুর বেগুনীপাড়া গ্রামের সন্তোষ কাপালীর একটি গরু বজ্রপাতে মারা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত