টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহমদ আলী নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জুয়েল ও জামান নামে আরও দুজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হাজীপুর কবরস্থান রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আহমদ আলী হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড পূর্ব হাজীপুর এলাকার মৃত আমানুল্লাহ মেম্বারের ছেলে।
জানা গেছে, গতকাল বেলা ১০টার দিকে পূর্ব হাজীপুর কবরস্থান রোড এলাকার বাসিন্দা মোহাম্মদ রাজুর বাড়িতে টিউবওয়েল বসানোর কাজ চলছিল। একপর্যায়ে শ্রমিকরা টিউবওয়েলের লোহার পাইপটি ওপরের দিকে তোলার চেষ্টা করেন। ওই সময় অসাবধানতাবশত পাইপটি বাড়ির পাশ দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে পুরো পাইপটি বিদ্যুতায়িত হয়ে সেখানে থাকা তিনজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আহমদ আলীকে মৃত ঘোষণা করেন।
