বাংলাদেশের কোটি ফুটবল ভক্তের জন্য এলো দারুণ এক সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেশের টেলিভিশন পর্দায় সরাসরি উপভোগ করতে পারবেন দর্শকরা। সরকারি টেলিভিশন চ্যানেল বিটিভির পাশাপাশি বেসরকারি দুটি জনপ্রিয় ক্রীড়া ও সংবাদ মাধ্যম—টি-স্পোর্টস এবং সময় টিভি এই বিশ্বযজ্ঞের খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে।
টি-স্পোর্টসের বিপণন বিভাগের প্রধান আহমেদ রাকিব আজ শুক্রবার (৫ জুন) বিষয়টি নিশ্চিত করে জানান, বিটিভি ফুটবল বিশ্বকাপের বাংলাদেশে সম্প্রচার স্বত্ব লাভ করেছে এবং আজই তাদের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক সম্মতিপত্র টি-স্পোর্টস কর্তৃপক্ষের হাতে এসে পৌঁছেছে। ফলে বিটিভি, টি-স্পোর্টস এবং সময় টিভির যৌথ উদ্যোগে পুরো টুর্নামেন্টটি বাংলাদেশে প্রদর্শিত হবে।
এর আগে মে মাসে সিঙ্গাপুরভিত্তিক মিডিয়া প্রতিষ্ঠান স্প্রিংবুক প্রাইভেট লিমিটেড আকস্মিকভাবে চুক্তি বাতিল করায় দক্ষিণ এশিয়ায় বিশ্বকাপ সম্প্রচার নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সেই সুযোগকে কাজে লাগিয়ে বিটিভি সরাসরি বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার সাথে আলোচনা করে সাশ্রয়ী মূল্যে এই স্বত্ব লুফে নেয়।
১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ ব্যবস্থাপনায় ১৬টি শহরে এই আসর বসবে। ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় এই টুর্নামেন্টে এবারই প্রথম রেকর্ড ৪৮টি দেশ অংশ নিচ্ছে, যেখানে সর্বমোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
