হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের মালামাল রাখার স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) রাত ১১টা ২৪ মিনিটে বিমানবন্দরের ৯ নম্বর গেটের পাশে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, রাত ১১টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর মাত্র ১৪ মিনিটের মাথায় ফায়ার ফাইটারদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, আগুনে কার্গো ভিলেজে থাকা মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়ে, ফ্লাইট ওঠানামায় কোন বিঘ্ন ঘটেনি। তবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে পুরো বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ঘটনাস্থলে ছুটে যান বিমানবন্দরে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
উল্লেখ্য, এর আগে গত বছরের ১৮ অক্টোবর দুপুর আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সে সময় ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিটের প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছিল এবং সাময়িকভাবে উড়োজাহাজ চলাচল বন্ধ ছিল। ওই ঘটনায় আগুন নেভাতে গিয়ে আনসার বাহিনীর ২৫ সদস্যসহ মোট ৩৫ জন আহত হয়েছিলেন।
