দেশে বৈধ পথে প্রবাসী আয় বা রেমিট্যান্স সংগ্রহে মে মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে অগ্রণী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, মে মাসে ব্যাংকটি ২৪ কোটি ২৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এনেছে। একই সময়ে জনতা ব্যাংক সংগ্রহ করেছে ১৯ কোটি ৬৭ লাখ ডলার, যা তাদের দ্বিতীয় অবস্থানে রেখেছে।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ (বিওপি) প্রকাশিত তথ্য বিশ্লেষণে দেখা যায়, মে মাসে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে মোট ৫৬ কোটি ৬৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে এককভাবে সবচেয়ে বড় অংশ এসেছে অগ্রণী ব্যাংকের মাধ্যমে।
তথ্য অনুযায়ী, মে মাসে জনতা ব্যাংকের রেমিট্যান্স সংগ্রহ দাঁড়িয়েছে ১৯৬ দশমিক ৭২ মিলিয়ন বা প্রায় ১৯ কোটি ৬৭ লাখ ডলার। এর পরের অবস্থানে রয়েছে রূপালী ব্যাংক, যার মাধ্যমে এসেছে ৬ কোটি ৯৫ লাখ ডলার। সোনালী ব্যাংকের মাধ্যমে এসেছে ৫ কোটি ৭৯ লাখ ডলার এবং বেসিক ব্যাংকের মাধ্যমে এসেছে প্রায় ৯ লাখ ডলার।
বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে এককভাবে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। মে মাসে ব্যাংকটির মাধ্যমে ৪৬ কোটি ৭২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের মাসের তুলনায় অনেক বেশি। এপ্রিলে কৃষি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছিল ১৯ কোটি ১২ লাখ ডলার।
অন্যদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে এপ্রিল মাসে জনতা ও সোনালী ব্যাংক প্রায় সমপরিমাণ রেমিট্যান্স সংগ্রহ করলেও মে মাসে অগ্রণী ব্যাংক বড় ব্যবধানে এগিয়েছে। এপ্রিলে অগ্রণী ব্যাংকের রেমিট্যান্স সংগ্রহ ছিল ১৩ কোটি ১৯ লাখ ডলার, যা মে মাসে বেড়ে ২৪ কোটি ২৩ লাখ ডলারে পৌঁছেছে। অর্থাৎ এক মাসের ব্যবধানে ব্যাংকটির রেমিট্যান্স প্রবাহ প্রায় দ্বিগুণ হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বাড়ার পাশাপাশি ব্যাংকগুলোর এক্সচেঞ্জ হাউজ নেটওয়ার্ক সম্প্রসারণ এবং প্রণোদনা সুবিধা অব্যাহত থাকায় রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা বজায় রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকাভিত্তিক প্রবাসীদের পাঠানো অর্থ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সহায়তা করেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসজুড়ে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ অব্যাহত ছিল। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
বৈধ পথে রেমিট্যান্স আহরণে শীর্ষে থাকা অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ এ সাফল্যের কৃতিত্ব দিয়েছেন প্রবাসীবান্ধব সেবা, বৈদেশিক এক্সচেঞ্জ হাউজ নেটওয়ার্ক সম্প্রসারণ এবং মাঠপর্যায়ে কর্মকর্তাদের নিবিড় তদারকিকে।
দেশ রূপান্তরকে তিনি বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দ্রুত, নিরাপদ ও সহজে দেশে পৌঁছে দিতে আমরা ধারাবাহিকভাবে কাজ করছি। বিশ্বের বিভিন্ন দেশে আমাদের এক্সচেঞ্জ হাউজ ও অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে। পাশাপাশি রেমিট্যান্স সেবাকে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করায় প্রবাসীদের আস্থা বেড়েছে।
চেয়ারম্যান আরও বলেন, অগ্রণী ব্যাংকের প্রতিটি শাখাকে রেমিট্যান্স সংগ্রহে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রবাসীদের পরিবারের সদস্যদের দ্রুত সেবা নিশ্চিত করা হচ্ছে। এর ফলেই মে মাসে আমরা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ করতে সক্ষম হয়েছি।
