ঈদের সিনেমা ‘রইদ’-এ ‘সাধু’ চরিত্রে দুর্দান্ত অভিনয় করে প্রশংসিত হচ্ছেন মোস্তাফিজুর নূর ইমরান। তবে শুধু অভিনয়েই সীমাবদ্ধ থাকতে চান না, চলতি বছরের শুরুতে ‘জিনের বাচ্চা’ ওয়েবফিল্ম দিয়ে পরিচালনায় আসা এই অভিনেতা এবার বড় পর্দার জন্য কাজ করতে চান। তার পরিকল্পনা রয়েছে নব্বই দশকের একটি জনপ্রিয় বাংলা সিনেমা এ সময়ের উপযোগী করে রিমেক করার।
সম্প্রতি দেশের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’তে হাজির হয়ে এসব তথ্য শেয়ার করেছেন ইমরান। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পর্বটি আজ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত-এ প্রচার হবে।
মেজবাউর রহমান সুমনের প্রথম চলচ্চিত্র ‘হাওয়া’র জন্যও অডিশন দিয়েছিলেন তিনি। এ ছাড়া ২০০৯ সালে ‘সুপার হিরো সুপার হিরোইন’ রিয়েলিটি শোতে চতুর্থ হওয়া এই অভিনেতা সুযোগ পেলে পর্দায় নিজের নাচের সুপ্ত প্রতিভাও মেলে ধরতে চান। জেড আই ফয়সালের প্রযোজনায় পডকাস্টটি আজ রাতে সম্প্রচারিত হবে।
