তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল রবিবার (৭ জুন) রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তাঁর সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর এটি ড. খলিলুর রহমানের বিদেশে প্রথম রাষ্ট্রীয় সফর। মস্কো সফরে দ্বিপক্ষীয় নানা বিষয়ের পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশন ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হতে পারে।
কূটনৈতিক সূত্র জানায়, সফরের দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এ ছাড়া তিনি রুশ সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন প্রতিনিধির সঙ্গেও সাক্ষাৎ করবেন।
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্পগুলোর অন্যতম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বর্তমানে দুই দেশের সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এ ছাড়া জ্বালানি, অর্থনীতি ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও দুই দেশের মধ্যে সহযোগিতা বিদ্যমান।
ইউক্রেন যুদ্ধ-পরবর্তী নিষেধাজ্ঞাজনিত চ্যালেঞ্জ মোকাবিলাও এখন দুই দেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আগামী সোমবারের দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়গুলো অগ্রাধিকার পাবে বলে জানা গেছে।
জাতিসংঘ ও বহুপক্ষীয় কূটনীতিতে সমন্বয়ের অংশ হিসেবে টেকসই উন্নয়ন এবং জাতিসংঘের সংস্কারের মতো বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় এসব বিষয় আলোচনায় আসার সম্ভাবনা প্রবল।
