বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৭ জন বিভিন্ন সিআর (কগনিজেবল রেজিস্টার) ও জিআর (জেনারেল রেজিস্টার) মামলার পরোয়ানাভুক্ত আসামি এবং একজন মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ডপ্রাপ্ত আসামি।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার (৬ জুন) সকাল পর্যন্ত শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯টি জিআর ও ৮টি সিআর গ্রেপ্তারি পরোয়ানার মোট ১৭ জন আসামিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বিরইল গ্রামের মো. আব্দুস সোবাহান (৪৯), ধড়মোকাম গ্রামের ফেন্সী বেগম (৪৪), ছোনকা কলেজ রোড এলাকার ওয়াছেদ (৬২), খামারকান্দি গ্রামের লিটন (৩১), গড়েরবাড়ী গ্রামের নাহিদ হাসান (২৪), নুরুল ইসলাম ওরফে লাল চাঁন (৩৭) ও সিপন আলী (৪০), উত্তর সাহাপাড়ার ফুল মিয়া (৩৪), ছোনকা কলেজ রোডের দুলালী বেগম (৪৫), বাংড়া এলাকার শাহ আলম, খোলাগাড়ি কলোনির উম্মে সুমাইয়া জাহান, দক্ষিণ সাহাপাড়ার রুপম কুমার সাহা, চণ্ডীপুর পশ্চিমপাড়ার শামীম আহম্মেদ (৩৫), পাণ্ডরা গ্রামের মানিকুজ্জামান, পালাসন গ্রামের ছানোয়ার হোসেন (৪০) এবং রানীনগর গ্রামের লিটন মিয়া।
এদিকে পৃথক এক অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় নিজ বাড়ি থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নুল আবেদীন দেশ রূপান্তরকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে
