মিরসরাইয়ে শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত

গাছবাড়িয়া খালের পুনঃখনন কাজ উদ্বোধন

আপডেট : ১৬ মে ২০২৬, ০৭:২৫ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে ১৯৮০ সালে নিজহাতে কোদাল দিয়ে মাটি কেটে গাছবাড়িয়া খাল খননকাজের উদ্বোধন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠা শহীদ জিয়াউর রহমান। দীর্ঘ ৪৬ বছর পর সেই খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন মিরসরাইয়ের নব নির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন।

শনিবার (১৬ মে) সকালে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর এলাকায় নিজহাতে কোদাল দিয়ে মাটি কেটে খনন কাজের উদ্বোধন করেন তিনি। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধিনে খালটির দুই কিলোমিটার খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

খাল খননকাজ উদ্বোধনকালে নুরুল আমিন এমপি বলেন, ‘ঐতিহাসিক গাছবাড়িয়া খালটি ১৯৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খনন করেছেন। ১৯৯৩ সালে তৎকালীন বিএনপির সংসদ সদস্য এম এ জিন্নাহ, ত্রাণমন্ত্রী হারুন অর রশিদের নেতৃত্বে পুনঃখনন করেন। এরপর অদ্যাবধি আর এই খালটি পুনঃখনন না হওয়ায় অনেকটা ভরাট হয়ে গেছে। জলাবদ্ধতা নিরসন, কৃষকদের চাষাবাদ নিশ্চিত, স্থানীয়দের দুঃখ-দুর্দশা লাগবে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছেন। সেই ২০ হাজার কিলোমিটার খাল খননের আওতায় আমাদের গাছবাড়িয়া খালটিও অন্তর্ভুক্ত। আশা করছি এই খাল পুনঃখনন হলে এলাকার কৃষকরা উপকৃত হবেন।’

খাল পুনঃখনন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. ফখরুল ইসলাম, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইমাম হোসেন বাবলু, সাবেক যুগ্ম আহ্বায়ক তবারক হোসেন, জহির উদ্দিন হুমায়ুন, হাসান চৌধুরী, বিএনপি নেতা জহির উদ্দিন, মনিরুজ্জামান রোমেল, জাকারিয়া মেম্বার, ইলিয়াস উদ্দিন মাসুদ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আশরাফ উদ্দিন, ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রহিম উদ্দিন, সদস্য সচিব মাঈন উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আবু তাহের, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবব জিয়া উদ্দিন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত