চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বালুভর্তি একটি মিনি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে আধা কিলোমিটার দূরে গিয়ে পড়লেও বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এঘটনায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
রবিবার (৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সোনাপাহাড় এলাকায় পূর্বাঞ্চল রেলওয়ের ঢাকামুখী আপ লাইনে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, সোনাপাহাড় এলাকায় একটি রেলক্রসিং পার হওয়ার সময় বালুভর্তি একটি মিনি ট্রাক রেললাইনে আটকে যায়। এ সময় ট্রেনটি দ্রুত এগিয়ে আসতে দেখে পিকআপের চালক ও হেলপার গাড়ি থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। পরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি মিনি ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে গিয়ে রেললাইনের ওপরে ছিটকে পড়ে।
চিনকি আস্তানা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম জানান, দুর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে উদ্ধারকারী দল দুর্ঘটনাকবলিত মিনি ট্রাকটি রেললাইন এলাকা থেকে সরিয়ে নিলে সকাল ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এরপর পাহাড়িকা এক্সপ্রেস তার গন্তব্য সিলেটের উদ্দেশে যাত্রা শুরু করে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বিষয়টি নিশ্চিত করেন।
