ব্যক্তিগত গাড়িতে আকস্মিক পরিদর্শনে গিয়ে ২ অফিসের চরম অনিয়ম ধরলেন ভূমি প্রতিমন্ত্রী

আপডেট : ০৮ জুন ২০২৬, ১২:০৬ পিএম

কোনো সরকারি পতাকা, পুলিশ প্রটোকল কিংবা সরকারি দেহরক্ষী ছাড়াই সম্পূর্ণ ব্যক্তিগত গাড়ি নিয়ে সাভারের আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল। আজ সোমবারের (৮ জুন) এই ঝটিকা পরিদর্শনে দুই কার্যালয়ের সেবা কার্যক্রম, কর্মকর্তাদের উপস্থিতি এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় চরম অনিয়ম ও ঘাটতির চিত্র উঠে আসে।

পরিদর্শনের শুরুতে আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে গিয়ে দেখা যায়, সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসাইন খান নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত ছিলেন না। প্রতিমন্ত্রী কার্যালয়ে পৌঁছানোর প্রায় ১৫–২০ মিনিট পর তিনি অফিসে আসেন। শুধু তাই নয়, কার্যালয়ের মোট ৮ জন কর্মকর্তার মধ্যে মাত্র ২ জন (সার্ভেয়ার ও নামজারি সহকারী) নির্ধারিত সময়ে উপস্থিত ছিলেন। ৬ জন কর্মকর্তা ছিলেন অনুপস্থিত।

ভূমি অফিসের বাইরে অবস্থান করা বেশ কয়েকজন সেবাপ্রার্থী এই সময় প্রতিমন্ত্রীর কাছে ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, দীর্ঘদিন ধরে ভূমি অফিসে এসেও তারা কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। প্রতিমন্ত্রী তাদের দুর্ভোগের কথা শোনেন এবং সেবা প্রদানে এমন দীর্ঘসূত্রতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

কার্যালয়ের শৃঙ্খলা যাচাই করতে প্রতিমন্ত্রী নিজেই সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন এবং কর্মকর্তাদের উপস্থিতির আসল সময় পরীক্ষা করেন। এ সময় তিনি তথ্য কেন্দ্র-কাম-হেল্প ডেস্কের দুর্বল অবকাঠামো ও নাজুক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন।

তবে রেকর্ড কিপিং ও ডেটা এন্ট্রি টিমের কার্যক্রম পরিদর্শনে গিয়ে দেখা যায়, ওই ইউনিটের কর্মকর্তারা যথাসময়ে উপস্থিত ছিলেন এবং তাদের কার্যক্রম চলমান ছিল। প্রতিমন্ত্রী একাধিক রেকর্ড রুম ঘুরে দেখার সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সার্ভার সমস্যার কারণে মিউটেশন (নামজারি) কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই অজুহাতে ক্ষুব্ধ হয়ে প্রতিমন্ত্রী সার্ভার-সংক্রান্ত কাজে নিয়োজিত দায়িত্বপ্রাপ্তদের শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করার নির্দেশ দেন।

একই সঙ্গে তিনি তথ্যকেন্দ্রকে সার্বক্ষণিক ডেডিকেটেড জনবল দিয়ে পরিচালনা করার নির্দেশ দেন এবং সময়ের চেয়ে সেবার মান ও কার্যকারিতাকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আমিনবাজারের পর প্রতিমন্ত্রী আশুলিয়া রাজস্ব সার্কেল (পলাশবাড়ী, সাভার) কার্যালয় পরিদর্শনে যান। সেখানে গিয়ে কার্যালয় সংলগ্ন এলাকায় লাইসেন্সবিহীন নামজারি কার্যক্রম এবং বেশ কিছু অবৈধ দোকানপাট তার নজরে আসে। সরকারি অফিসের আঙিনায় এমন অবৈধ কর্মকাণ্ড দেখে তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি)-কে বিষয়টি অবহিত করেন এবং এসব অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

ভূমি প্রতিমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে আমিনবাজার ও আশুলিয়া- উভয় রাজস্ব সার্কেলেই সেবাদান ব্যবস্থাপনা, উপস্থিতি শৃঙ্খলা এবং প্রশাসনিক কার্যক্রমে বড় ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনার বাস্তব চিত্র ফুটে উঠেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত