কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৫:২৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নেয়ামতপুর গ্রামের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নেয়ামতপুর গ্রামের জমির হোসেনের ছেলে নুরু মিয়া (৬৫) ও একই এলাকার মর্জু মিয়ার ছেলে সানাউল্লাহ (১৮)।

স্থানীয়রা জানায়, গ্রামের মরহুম মতি সরকারের স্ত্রীর দাফনের জন্য কবর খোঁড়ার কাজে কয়েকজন যুবকসহ স্থানীয় লোকজন অংশ নেন। একপর্যায়ে কবরস্থানে কবর ঢাকার জন্য ব্যবহৃত স্টেইনলেস স্টিলের (এসএস) একটি শিল্ড সরানোর সময় সেটি কবরস্থানের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে লাগে। এতে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আতিক আকরাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট একজন ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন বলেন, এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত