বাংলাদেশের চিকিৎসকদের পেশাগত মর্যাদা রক্ষা, বৈষম্য নিরসন এবং সামগ্রিক চিকিৎসা ব্যবস্থার শৃঙ্খলার স্বার্থে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল পালন করেছে।
সোমবার (৮ জুন) বেলা এগারোটায় মেডিকেল কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচী পালিত হয়। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন প্রথম ব্যাচের শিক্ষার্থী রাফাত রেজা আকাশ, তোফায়েল আহমদ, দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সাইদুল ইসলাম, প্রিয়াস চন্দ্র, ফারজানা আহমেদ মিম, চতুর্থ ব্যাচের শিক্ষার্থী তানভীর হোসেন, ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী শীর্ষেন্দু বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রথম থেকে পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা আগামীকাল সকাল ১১ টার পর থেকে একাডেমিক কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হবে।
বক্তরা আরও বলেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক ১৯ মে ২০২৬ তারিখে জারিকৃত এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত বৈষম্যমূলক সিদ্ধান্ত ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করে নতুন নির্দেশনা জারি করতে হবে। বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করতে হবে। স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন এবং এর আওতায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করতে হবে।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ৩০,০০০ টাকা এবং বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৫০,০০০ টাকায় উন্নীতকরণসহ বেসরকারি চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন করতে হবে। বিএমডিসি ২০২৩ অধ্যাদেশের খসড়া আইনে রূপান্তর করে অবৈধ চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। বিসিপিএস এবং সকল মেডিকেল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফি সর্বোচ্চ ১,০০০ টাকা নির্ধারণ করতে হবে। অবিলম্বে দাবিসমূহ মেনে নেওয়ার আহ্বান জানান বক্তারা।