সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের চণ্ডিদাসগাতী ব্রীজের নিচ থেকে এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাতী ব্রীজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানায়, সকালে ব্রীজের নিচে পানিতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। এরপর তারা মরদেহটি তীরে এনে দেখে সেটি এক বয়স্ক বৃদ্ধের মরদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে শিয়ালকোল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নং ওয়ার্ড সদস্য ও চন্ডিদাসগাতী গ্রামের বাসিন্দা রুহুল আমিন সজল বলেন, স্থানীয়দের ধারণা রাতের কোনো এক সময়ে অজ্ঞাত ওই ব্যক্তিকে সেখানে ফেলে যাওয়া হতে পারে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থল পরিদর্শন করে সিরাজগঞ্জ সদর থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ বলেন, মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।
তিনি আরও বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।