শিক্ষামন্ত্রী বললেন

কোনো বিষয়ের অনার্স কোর্স বন্ধের পরিকল্পনা নেই

আপডেট : ১০ জুন ২০২৬, ০৬:২৯ এএম

বিষয়ভিত্তিক অনার্স কোর্স কমিয়ে আনা বা কোনো বিষয়ের অনার্স কোর্স বন্ধ করার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, তার জানামতে এ রকম কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, ‘বাংলা মাতৃভাষা, এটা কি বাদ দেওয়া যেতে পারে?’

প্রসঙ্গত, একটি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলা, দর্শন, ইতিহাসসহ ছয় বিষয়ে অনার্স কোর্স বাতিল হচ্ছে। তবে, এই দাবি ‘ভিত্তিহীন’ বলে জানান শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘এমন কোনো আলোচনা হয়নি। আমার জ্ঞাতসারে নেই। আমি জানি না এই নিউজ কোথা থেকে আসল।’ তিনি বলেন, ‘আমরা কারিগরিকে ইম্পর্টেন্স দিচ্ছি। আধুনিক করছি। যেগুলোর মার্কেট ডিমান্ড রয়েছে, সেগুলোকে আমরা দেখছি। এটা তো প্রতিনিয়ত আলোচনা হচ্ছে। কিন্তু বাংলা, দর্শন, ইতিহাস বাদ পড়বে এই আলোচনা আমরা কোথাও শুনিনি এবং আমরাও কোথাও করিনি। বাংলাকে বাদ দিয়ে, ইতিহাসকে বাদ দিয়ে, এমন কথা কোথাও হয়নি।’ এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অনার্স কোর্স বন্ধের ব্যাপারে সরকার কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত