আইসিসির প্রধান কৌঁসুলি সাময়িক বরখাস্ত

আপডেট : ১০ জুন ২০২৬, ০৭:০৭ এএম

যৌন নিপীড়ন ও গুরুতর পেশাগত অসদাচরণের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ব্রিটিশ এই আইনজীবীর বিরুদ্ধে দীর্ঘ তদন্ত ও অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রক্রিয়ার শুনানি শেষে গত সোমবার রাতে নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আইসিসির গভর্নিং বডি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করে। আন্তর্জাতিক অপরাধ আদালতের ২১ সদস্যের ব্যুরো বিষয়টিকে সদস্য দেশগুলোর পরিষদ অ্যাসেম্বলি অব স্টেটস পার্টিসের (এএসপি) কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে; সেখানে আইসিসির সব সদস্য দেশের প্রতিনিধিরা আছেন। এএসপির ব্যুরো এক বিবৃতিতে বলেছে, সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সদস্য রাষ্ট্রগুলোর পরিষদ চূড়ান্ত সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত কৌঁসুলিকে অবিলম্বে দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হবে।

তবে এ সাময়িক বরখাস্ত কোনোভাবেই মামলার চূড়ান্ত ফলাফলের ইঙ্গিত নয় বলে বিবৃতিতে উল্লেখ করেছে ব্যুরো। ব্যুরোর মতে, আদালতের দৈনন্দিন কার্যক্রমে এ সিদ্ধান্তের খুব বেশি প্রভাব পড়বে না। কারণ ৫৫ বছর বয়সি করিম খান নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ মোকাবিলায় ২০২৫ সালের মে মাসেই স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে ছুটিতে গিয়েছিলেন। যদিও তিনি অভিযোগগুলো অস্বীকার করে আসছেন। বিবৃতিতে বলা হয়েছে, করিম খানের বিষয়ে আলোচনার জন্য যত দ্রুত সম্ভব সদস্য রাষ্ট্রগুলোর পরিষদের একটি বিশেষ অধিবেশন আহ্বান করা হবে।

করিম খান গাজা যুদ্ধে গণহত্যা সংক্রান্ত অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য সফলভাবে আবেদন করে আলোচনায় আসেন তিনি। এছাড়া ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে আইসিসিতে চলা মামলায় যুক্তি উপস্থাপনের দায়িত্ব থেকেও করিম খানকে সরিয়ে দেওয়া হয়েছে। এটি আইসিসির সবচেয়ে আলোচিত মামলাগুলোর একটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত