প্রবাসেও শ্রদ্ধাভরে স্মরণ: প্যারিসে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

আপডেট : ১০ জুন ২০২৬, ০২:৪১ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে তাঁর রাজনৈতিক জীবন, রাষ্ট্রগঠনে অবদান এবং জাতীয়তাবাদী দর্শন নিয়ে আলোচনা করা হয়।

প্যারিসের সোনার বাংলা রেস্টুরেন্টে অনুষ্ঠিত অনুষ্ঠানে ফ্রান্সের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিএনপি, যুবদল এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ বিএনপির প্রয়াত নেতাকর্মীদের স্মরণে পবিত্র কোরআন তিলাওয়াত ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্স যুবদলের সহ-সভাপতি বাছিত হোসেন। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন ফ্রান্স যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির আহমেদ এবং জিয়া সাইবার ফোর্স ফ্রান্সের সিনিয়র সহ-সভাপতি কায়সার আহমেদ। স্বাগত বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মামুন। দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা আব্দুল কাইয়ুম।

প্রধান অতিথির বক্তব্যে ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ বলেন, জিয়াউর রহমান স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি জাতিকে আত্মনির্ভরশীল ও উন্নয়নমুখী রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখিয়েছিলেন।

প্রধান বক্তা ফ্রান্স বিএনপি নেতা ইকবাল হুসাইন আলী বলেন, শহীদ জিয়ার রাজনৈতিক দর্শনের ভিত্তি ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং জনগণের ক্ষমতায়ন। তাঁর আদর্শ দেশের মানুষের মধ্যে এখনও সমানভাবে প্রাসঙ্গিক।
বিশেষ অতিথিদের মধ্যে নজির উদ্দিন যসরী, সোহাগ মুহাম্মদ ইয়াসিন, জিসাদ রহমান, জমির আলি সাহেদ ও ইরশাদ হুসাইন বক্তব্য রাখেন। তারা বলেন, জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে জনগণের কল্যাণে কাজ করার যে রাজনৈতিক সংস্কৃতি জিয়াউর রহমান প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন, তা বর্তমান প্রজন্মের জন্যও অনুসরণীয়।

বক্তারা আরও বলেন, কৃষি, গ্রামীণ উন্নয়ন, উৎপাদনমুখী অর্থনীতি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিতে জিয়াউর রহমানের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দেশ-বিদেশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।

অনুষ্ঠানে বিএনপি নেতা সালেহ আহমেদ, কামরুল হোসেন, মুহাম্মদ মুয়াজ্জিন হোসেন, নজির আহমেদ, কাতার বিএনপি নেতা সাইফুল ইসলাম, ফ্রান্স যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ সুমন আমিন ও ফয়সাল আহমেদ, দফতর সম্পাদক মাসুদ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জিয়া সাইবার ফোর্সের সিনিয়র যুগ্ম সম্পাদক ওয়াদুদ আহমদ বাপ্পি, যুবদল সদস্য শামিম আহমেদ এবং খালেদ আহমেদসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শেষে বিশেষ মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির প্রয়াত নেতাকর্মী এবং দেশের কল্যাণ কামনা করে দোয়া করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করা হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা বলেন, প্রবাসে বসবাস করলেও দেশের ইতিহাস, গণতন্ত্র ও জাতীয়তাবাদী চেতনার সঙ্গে তাদের সম্পর্ক অটুট রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ তুলে ধরা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত