ছায়ানটে আট গীতিকবির গান-কথনে মুগ্ধ শ্রোতা

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৮ পিএম

লোকজ সংগীতের ঐতিহ্য ও গীতিকবিদের সৃষ্টিকে তুলে ধরতে ছায়ানট আয়োজন করে লোকসঙ্গীতের বিশেষ সন্ধ্যা। এবারের আয়োজন উৎসর্গ করা হয় লোককবি পাগলা কানাইকে। আট গীতিকবির গান ও কথনে শুক্রবার সন্ধ্যায় মুখর হয়ে ওঠে ছায়ানট সংস্কৃতি ভবনের মিলনায়তন।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ছায়ানট সংস্কৃতি ভবনের মিলনায়তনে ‘ছায়ানটের লোকসঙ্গীতের অনুষ্ঠান ১৪৩৩’ শীর্ষক এ আয়োজন অনুষ্ঠিত।

আসরে পাগলা কানাই, রমেশ শীল, কালু শাহ্ ফকীর, কাঙাল হরিনাথ মজুমদার, রাধাবল্লভ সরকার, মহেশ চন্দ্র রায়, মাতাল রাজ্জাক দেওয়ান ও কুটি মনসুর-এই আট গীতিকবির গান পরিবেশিত হয়। সম্মেলক ও একক গানের পাশাপাশি আয়োজনে ছিল কথন পর্ব। কুটি মনসুরের লেখা সম্মেলক গান ‘কে বলে মানুষ মরে’ দিয়ে শুরু হয় গানের পালা। গানটি পরিবেশন করে ছায়ানট।

এরপর একে একে একক গান গেয়ে শোনান স্বপ্না রায়, নারায়ণ চন্দ্র শীল ও বিমান চন্দ্র বিশ্বাস। মাতাল রাজ্জাক দেওয়ানের রচনায় ছায়ানটের সম্মেলক গান ‘মন মানুষ হইতে চাও’ পরিবেশনের পর একক গান পরিবেশন করেন মো. মানিক, উজ্জ্বল দেওয়ান ও অভিবাধন দাস অর্ণ।

মহেশ চন্দ্র রায়ের লেখা সম্মেলক গান ‘কোন বিদেশী বাবরীয়ালা’ গেয়ে শোনায় ছায়ানট। এরপর একক কণ্ঠে গান পরিবেশন করেন সঞ্চিতা বর্মন, মহিতোষ কুমার ও মোছা. শরিফা খাতুন।

রাধাবল্লভ সরকারের রচনায় ছায়ানটের সম্মেলক গান ‘ওরে ধান্দাবাজের ধোঁকায় পড়ে’ পরিবেশনের পর একক গান পরিবেশন করেন পাওয়েল বিশ্বাস ও চন্দনা মজুমদার।

কাঙাল হরিনাথ মজুমদারের ‘ওহে দিন তো গেল’ একক কণ্ঠে পরিবেশন করেন কিরণ চন্দ্র রায়। কালু শাহ্ ফকীরের ‘মওলার প্রেম কি সামান্য রে বটে’ গানটি গেয়ে শোনান নাজমুল আহসান তুহিন। রমেশ শীলের লেখা সম্মেলক গান ‘মাঝি ত্রিবেণীর ঘাটে রে’র পর একক গান পরিবেশন করেন মতিউর রহমান বকুল ও মো. আবুল কালাম আজাদ। সবশেষে পাগলা কানাইয়ের রচনায় ‘কী ফুল ফুটিলরে মক্কায়’ গানটি একক কণ্ঠে পরিবেশন করেন সরদার মো. রহমাতুল্লা।

সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। অনুষ্ঠানে নেপথ্যে পাঠ ও উপস্থাপনায় ছিলেন জয়ন্ত রায় এবং ইসমেত জেরিন বিনতে নিজাম। যন্ত্রানুষঙ্গে ছিলেন দোতারায় রতন কুমার রায়, মন্দিরায় প্রদীপ কুমার রায়, ঢোলে দশরথ দাস, তবলায় অজয় দাস ও স্বরূপ হোসেন এবং বাঁশিতে মামুনুর রশীদ।

সর্বশেষ সর্বাধিক পঠিত