পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের পুকুরপাড়ে জলপাই কুড়াতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন মামাতো ও ফুপাতো বোন।
শুক্রবার বিকেলে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো ওই এলাকার রহমত আলীর মেয়ে রাইসা (৪) ও তাঁর ভগ্নিপতি মোহাম্মদ আলীর মেয়ে ফারিহা (৩)।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমানের মেয়ে লিপি আক্তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। এরপর থেকে তিনি সেখানেই ছিলেন।
শুক্রবার বিকেলে ফারিহা ও রাইসা বাড়ির বাইরে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের পুকুরপাড়ে জলপাই গাছের নিচে জলপাই কুড়াতে যায়। এ সময় পুকুরপাড় পিচ্ছিল থাকায় তারা দুজনই পানিতে পড়ে যায়।
দীর্ঘ সময়েও শিশুরা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাইসার মা ফাতেমা আক্তার পুকুরের পানিতে মেয়েকে ভাসতে দেখেন। তাঁর চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে প্রথমে রাইসাকে উদ্ধার করেন। পরে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় ফারিহাকেও উদ্ধার করা হয়।
পরে তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, শিশুদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।