শালা-দুলাভাই নিয়ে সংসদে হাস্যরস 

আমার শ্বশুরবাড়িতে গ্যাস দিতেই হবে: জ্বালানিমন্ত্রী

আপডেট : ১০ জুন ২০২৬, ১১:৩২ পিএম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, নাটোরে আমার শ্বশুরবাড়ি। এখানে তো গ্যাস দিতেই হবে। বুধবার (১০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ ধারায় নোটিশের ওপর আলোচনায় তিনি একথা বলেন।

এরপরেই সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকন বলেন, মন্ত্রী মহোদয় নোয়াখালীতে একটা বিয়ে করেন। তাহলে আমরাও গ্যাস পাব। এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম হাস্যরসের ছলে সরকার দলীয় হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে বলেন, আপনি মন্ত্রীকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন করতে পারেন। এমন প্রশ্ন করবেন না যে, ফ্যাসিস্ট সরকারের বিদ্যুৎ মন্ত্রী কেন নাটোর বিয়ে করে নাই? এ নিয়ে সংসদে হাস্যরসের সৃষ্টি হয়। 

নাটোর জেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন কল-কারখানা ও বাসাবাড়িতে গ্যাস সংযোগ চেয়ে ৭১ বিধিতে নোটিশ উত্থাপন করেন হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নোটিশের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খণিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমরা যারা রাজনীতি করি আমাদের সবারই শ্বশুরবাড়ি আছে। সিলেটে গেলে আমাদের প্রধানমন্ত্রী বলে সিলেটের দামান আর নাটোরে গেলে আমাকে বলে নাটরের জামাই সাহেব। যিনি আমাকে প্রশ্ন করছেন সেই দিক দিয়ে আমি যখন নাটরের দামান, জামাই সাহেব। আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা দিয়া ২০০৫ সালে নাটোরে গ্যাস দেওয়ার জন্য ওখানে উত্তরাঞ্চল গ্যাস সঞ্চালন কোম্পানি গঠন করেছিলেন এবং সেই কাজও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার এসে সেই কাজটা বন্ধ করে দিয়েছে।

মন্ত্রী বলেন, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে দ্রুত আমাদের বাপেক্সের যে কয়টা কূপ আছে; আরও পাঁচটা কূপ সংযুক্ত করে আমরা আমাদের কুপ খনন করে দ্রুত বাংলাদেশে গ্যাসের যে পরিস্থিতি সেটা উত্তরণের জন্য। এখন নাটোর বাংলা ভাষায় আমার শ্বশুরবাড়ি এখানে তো গ্যাস দিতেই হবে। এই যে আমরা গ্যাস উত্তোলনের চেষ্টা করছি, যখন গ্যাস পাব— দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে কাজ শুরু করে দিয়ে গিয়েছিলেন ইনশাল্লাহ সেটাকে শেষ করব।

এরপরেই সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকন বলেন, মন্ত্রী মহোদয় নাটোরে শ্বশুরবাড়ি বলে গ্যাস দেওয়ার কথা বলেছেন। তাহলে আমি বলব মন্ত্রী নোয়াখালীতে একটা বিয়ে করেন। তাহলে আমরাও গ্যাস পাব।

জবাবে মন্ত্রী হাস্যরস করে বলেন, শরীয়া আইন আনুয়ায়ী আরও তিনটা বিয়ে করা যাবে। তবে আমার আর ইচ্ছে নেই। এ সময় সবাই হাস্যরসে মেতে ওঠেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত