ভারতে বোতলজাত পানিতে মিলল মারাত্মক 'কলিফর্ম'

নোটিশে বলা হয়, ‘নমুনাটি নির্ধারিত মান পূরণ করেনি এবং অনিরাপদ হিসেবে শনাক্ত হয়েছে।' 

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম

ভারতে বোতলজাত পানির নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। দেশটির জনপ্রিয় বোতলজাত পানির ব্র্যান্ড বিসলেরির আরেকটি নমুনায় কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি পেয়েছেন খাদ্য নিরাপত্তা কর্মকর্তারা। এতে নমুনাটিকে পান করার অনুপযোগী ও অনিরাপদ বলে ঘোষণা করা হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে ব্র্যান্ডটির পানির নমুনায় অনিরাপদ উপাদান পাওয়ার এটি দ্বিতীয় ঘটনা। খবর রয়টার্সের।

স্বাস্থ্য বিশেষজ্ঞর বলছেন, কলিফর্ম ব্যাকটেরিয়া হলো এক ধরনের ব্যাকটেরিয়ার গোষ্ঠী, যা মাটি, পানি, উদ্ভিদ এবং মানুষ ও প্রাণীর অন্ত্রে পাওয়া যায়। পানীয় জল বা খাবারে এর উপস্থিতি দূষণের নির্দেশক। বিশেষ করে ফেক্যাল কলিফর্ম ও ই. কোলাই মলদূষণের ইঙ্গিত দেয়। দূষিত পানি পান করলে ডায়রিয়া, বমি, পেটব্যথা ও জ্বর হতে পারে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভারতে বিভিন্ন আকারের পানির বোতলের মাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছে বিসলেরি। দেশটিতে পানির গুণগত মান নিয়ে উদ্বেগ থাকায় বাড়ি, রেস্তোরাঁসহ বিভিন্ন স্থানে বোতলজাত পানির ব্যবহার অনেকটা অপরিহার্য হয়ে উঠেছে।

পেপসিকো ও কোকা-কোলার মতো বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করেও ভারতের ৩৫০ কোটি ডলারের বোতলজাত পানির বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে বিসলেরি।

এর আগে চলতি সপ্তাহে ভারতের খাদ্য নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছিল, বিসলেরির একটি পানির নমুনায় এমন কিছু রাসায়নিক উপাদান পাওয়া গেছে, যা স্বাস্থ্য সংস্থাগুলোর মতে ক্যানসারের ঝুঁকি তৈরি করতে পারে। এ ঘটনায় ভোক্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হওয়ার পর এবার নতুন নমুনায় ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেল।

রয়টার্সের দেখা ১২ আগস্টের দ্বিতীয় নোটিশে ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ (এফএসএসএআই) বিসলেরিকে পরীক্ষার ফল জানায়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যাচের বোতলজাত পানি বিক্রি বন্ধের নির্দেশ দেয়।

নোটিশে বলা হয়, ‘নমুনাটি নির্ধারিত মান পূরণ করেনি এবং অনিরাপদ হিসেবে শনাক্ত হয়েছে। এতে কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে।’

এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ফলাফল নিশ্চিত করতে নমুনাটি দ্বিতীয়বার পরীক্ষা করা হলেও সেটি অনিরাপদ বলে প্রমাণিত হয়েছে। তবে ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত না হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে তিনি এ তথ্য জানান।

বিসলেরির দাবি, তাদের পণ্য উৎপাদনের জন্য বর্তমানে ১৩০টি কারখানা চালু রয়েছে এবং পরিবেশকের সংখ্যা ৫ হাজার ৯৮০। একসময় বহুজাতিক প্রতিষ্ঠান টাটা গ্রুপও বিসলেরি অধিগ্রহণের বিষয়ে আলোচনা করেছিল। বলিউড তারকা দীপিকা পাড়ুকোনসহ বেশ কয়েকজন তারকা প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন।

মুম্বাইভিত্তিক বিসলেরি শনিবার রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী তারা গত আগস্টেই সংশ্লিষ্ট ব্যাচের পণ্য বাজার থেকে প্রত্যাহার করেছে। প্রতিষ্ঠানটি স্বীকার করেছে, সরকারি নিয়ন্ত্রক সংস্থার পরীক্ষাগার এবং পুনঃপরীক্ষার জন্য নির্ধারিত পরীক্ষাগার—উভয় জায়গাতেই নমুনায় কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে।

তবে বিসলেরির দাবি, একই ব্যাচের পানির নমুনা দিয়ে তারা স্বাধীনভাবে আরও কিছু পরীক্ষা করিয়েছে। সেসব পরীক্ষায় কলিফর্ম ব্যাকটেরিয়া এবং খাদ্য নিরাপত্তার অন্যান্য ক্ষেত্রে প্রযোজ্য মানদণ্ড পূরণের প্রমাণ পাওয়া গেছে।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত