ভিসা মেলেনি আর্জেন্টাইনদের, তবে মিলছে ফ্রি টিভি!

আপডেট : ১১ জুন ২০২৬, ০৫:৫১ পিএম

ক্রীড়া ডেস্ক ২০২৬ ফুটবল বিশ্বকাপ গ্যালারিতে বসে দেখার স্বপ্ন নিয়ে মার্কিন ভিসার জন্য আবেদন করেছিলেন অনেক আর্জেন্টাইন সমর্থক। তবে ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি ও দীর্ঘ জটিলতার কারণে অনেকেরই কপালে জুটেছে ভিসা প্রত্যাখ্যানের লাল সিল। স্টেডিয়ামে বসে খেলা দেখার স্বপ্নভঙ্গ হওয়া সেইসব হতাশ সমর্থকদের মুখে হাসি ফোটাতে এক অভিনব উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনার জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ‘নোবলেক্স’।

যুক্তরাষ্ট্রের ভিসা পাননি এমন প্রথম ১০০ জন আবেদনকারীকে সম্পূর্ণ বিনামূল্যে নতুন টেলিভিশন উপহার দিয়েছে নোবলেক্সের মাদার কোম্পানি নিউজান। বুয়েনস আইরেসে কোম্পানির কার্যালয়ের সামনে গত বুধবার শত শত ফুটবলপ্রেমী প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে লাইনে দাঁড়ান। চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে যাদের ভিসা বাতিল হয়েছে, কেবল তারাই এই সুযোগটি পেয়েছেন। ইনস্টাগ্রামে একটি বিজ্ঞাপনের মাধ্যমে কোম্পানিটি ঘোষণা দিয়েছিল, ‘আপনার প্রত্যাখ্যান হওয়া ভিসা আমাদের দিন, আর নিয়ে যান একটি ফ্রি টিভি।’ 

এই সান্ত্বনা পুরস্কার জেতা ভাগ্যবানদের একজন ২৪ বছর বয়সী পেশাদার ভিডিও গেমার তোমাস ভাগেলা। তিনি আক্ষেপ করে বলেন, ‘সবাই ভাবছে এটাই হয়তো লিওনেল মেসির শেষ বিশ্বকাপ, আর সেই কারণেই ভিসার আবেদন করেছিলাম। মাঠে বসে খেলা দেখতে পারব না ভেবে খুব খারাপ লাগছে, তবে অন্তত একটা উপহার নিয়ে বাড়ি ফিরছি।’

তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনায় এবারের বিশ্বকাপ নিয়ে উন্মাদনা ২০২২ সালের তুলনায় কিছুটা কম। সেবার ফুটবলপ্রেমীদের মনে যে তীব্র আবেগ ও ধোঁয়াশা ছিল, এবার তা অনেকটাই শান্ত। তবে যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ার ক্ষোভ মেটাতে নোবলেক্সের এই চমৎকার 'সান্ত্বনা পুরস্কার' দেশটির ফুটবল ভক্তদের মনে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত