আখাউড়া

মুশফিকুর রহমান এমপি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

আপডেট : ১১ জুন ২০২৬, ০৮:১৯ পিএম

স্কুলগামী শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখা এবং খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মুশফিকুর রহমান এমপি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কেমব্রিয়ান স্কুল। রানার্সআপ হয়েছে দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়। 

কসবা-আখাউড়া আসনের বিএনপির সংসদ সদস্য মুশফিকুর রহমানের মেয়ে মেহভীন রহমান মুনিয়া প্রতিষ্ঠিত রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

২০ মিনিট করে নির্ধারিত ৪০ মিনিটের খেলাটি আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে। দুই দলই দর্শকদের উপহার দেয় দৃষ্টিনন্দন ফুটবল। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ট্রাইব্রেকারে ৪-১ গোলে কেমব্রিয়ান স্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিপুলসংখ্যক দর্শক খেলা উপভোগ করেন।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার উদ্বোধন করেন।

আবুল খায়ের সঙ্গুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার কফিল উদ্দিন, বিএনপি নেতা বাহার মিয়া, সোহাগ খান, ইয়ার হোসেন শামীম, শাহাদাত হোসেন লিটন, মোগড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিহার উদ্দিন, মহিলা দলের সভানেত্রী জান্নাত পারভীন স্মৃতি, যুবদল নেতা আসসাদিক ভূঁইয়া গালিব, মোবাশ্বের আহমেদ, মামুন আহমেদসহ আরও অনেকে।

অনুষ্ঠানে অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। এছাড়া খেলোয়াড়দের মধ্যে ক্রেস্ট ও মেডেল বিতরণ করা হয়।

এর আগে গত মাসের মাঝামাঝি সময়ে ১৮টি স্কুল দলের অংশগ্রহণে মুশফিকুর রহমান আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।

রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মো. নুরুল ইসলাম দিগন্ত বলেন, ‘শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে কসবা ও আখাউড়া উপজেলায় এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আখাউড়ায় ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তি হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত