মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মঞ্জুরুল আলমের ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।
হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। বৃহস্পতিবার (১১ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল চলাকালে এ দাবি জানানো হয়।
এদিন সকাল ১১টায় বিদ্যালয় চত্বরে আয়োজিত মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে তারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় ‘শিক্ষকের ওপর হামলা কেন, জবাব চাই বিচার চাই’, ‘শিক্ষকের মর্যাদা রক্ষা করো’ এবং ‘হামলাকারীদের গ্রেপ্তার করো’ শীর্ষক স্লোগান দেয়া হয়।
জানা যায়, গত ৯ জুন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে আবুল কালাম শামসুদ্দিন দায়িত্ব গ্রহণের পর পদত্যাগী প্রধান শিক্ষক মোহাম্মদ কহিনুর রহমানকে পুনর্বহালের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এ সময় সিনিয়র সহকারী শিক্ষক মঞ্জুরুল আলম বিষয়টি শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিলে উত্তেজনার তৈরি হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে বহিরাগত কয়েকজন তার ওপর চড়াও হয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে জানায়, শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে একজন শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা শুধু ব্যক্তিগত আক্রমণ নয় বরং পুরো শিক্ষক সমাজের মর্যাদার ওপর আঘাত। বিক্ষোভ শেষে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পুলিশ সদস্য, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগতদের প্রবেশ করে একজন শিক্ষককে অপদস্থ করার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা।
ভুক্তভোগী শিক্ষক মঞ্জুরুল আলম বলেন, পদত্যাগী প্রধান শিক্ষককে পুনর্বহালের ক্ষেত্রে অ্যাডহক কমিটির আইনগত এখতিয়ার রয়েছে কি না সে বিষয়ে প্রশ্ন তোলার পরই কয়েকজন বহিরাগত আমার ওপর হামলা চালায়। এমন আচরণ অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলেখা বেগম বলেন, একজন শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা পুরো শিক্ষা পরিবারের জন্য বেদনাদায়ক।
এদিকে সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে । জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।