সিংগাইরে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

আপডেট : ১১ জুন ২০২৬, ০৯:৫০ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ লিটার চোলাই মদ উদ্ধারসহ আবু বক্কার (৫৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার পূর্ব বান্দাইল গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মানিকগঞ্জের ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো। তিনি জানান, বুধবার (১০ জুন) সন্ধ্যা ৬টার দিকে সিংগাইর উপজেলার পূর্ব বান্দাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি অভিযানিক দল পূর্ব বান্দাইল গ্রামের আবু বক্কার এর বসতবাড়িতে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে তার দক্ষিণ দিকের বসতঘরের পশ্চিম পাশের শয়নকক্ষ থেকে ১০০ (একশত) লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ সময় ঘটনাস্থল থেকেই আবু বক্কারকে গ্রেপ্তার করা হয়। 

এ ব্যাপারে ডিবি ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মানবেন্দ্র বালো বলেন, উদ্ধারকৃত চোলাই মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিংগাইর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত