ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তি চূড়ান্ত হওয়ার কাছাকাছি পৌঁছানোর প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতের নির্ধারিত সামরিক ও বিমান হামলা বাতিল ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি দাবি করেছেন, ইরানের শীর্ষ নেতৃত্ব একটি খসড়া চুক্তিতে অনুমোদন দিয়েছেন, যার আওতায় দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ বাড়বে, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আগামী ৬০ দিনের জন্য একটি নতুন আলোচনা শুরু হবে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরানের সঙ্গে আলোচনা দেশটির সর্বোচ্চ নেতৃত্বের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে এবং তা অনুমোদিত হয়েছে। এই বাস্তবতার ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি আজ সন্ধ্যায় ইরানের ওপর নির্ধারিত সব ধরনের বিমান ও সামরিক হামলা বাতিল করেছি।
তিনি আরও বলেন, চুক্তির চূড়ান্ত বিষয়গুলো ধারণা এবং বিস্তারিত বিবরণ উভয় দিক থেকেই সংশ্লিষ্ট সব পক্ষের দ্বারা অনুমোদিত হয়েছে।
ট্রাম্পের দেওয়া তথ্য অনুযায়ী, এই চুক্তির সঙ্গে যুক্তরাষ্ট্র, ইরান ও মধ্যস্থতাকারী কাতার ছাড়াও ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, পাকিস্তান, বাহরাইন, কুয়েত, জর্ডান এবং মিসর জড়িত রয়েছে।
তবে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, এই চুক্তিটি পুরোপুরি চূড়ান্ত না হওয়া পর্যন্ত ইরানের ওপর চলমান মার্কিন নৌ অবরোধ সম্পূর্ণ কার্যকর থাকবে। চুক্তি স্বাক্ষরের সময় ও স্থান খুব শিগগিরই ঘোষণা করা হবে।