শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ

আপডেট : ১২ জুন ২০২৬, ০১:২৭ পিএম

হবিগঞ্জের মাধবপুরে অষ্টম শ্রেণির এক ছাত্রকে বেত্রাঘাত করে আহত করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১১ জুন) বিষয়টি জানাজানি হয়। এর আগে বুধবার (১০ জুন) উপজেলার ধর্মঘর সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের এঘটনা ঘটে। এনিয়ে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

আহত মাজহারুল গোবিন্দপুর গ্রামের হিরণ মিয়ার ছেলে।

অভিযোগে জানা গেছে, গত ১০ জুন বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো. ইয়াছিন আরাফাত অষ্টম শ্রেণির ছাত্র মো. মাজহারুল ইসলামকে শাস্তি দিতে গিয়ে বিদ্যালয়ের তৃতীয় তলা থেকে নিচে নামানোর সময় বেত্রাঘাত করেন। এতে ছাত্রটির কান ও পিঠে আঘাত লাগে এবং রক্তাক্তের ঘটনাও ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বজনরা।

এছাড়া কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ওই শিক্ষক প্রায়ই শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে কঠোর আচরণ করেন এবং কখনো কখনো অশালীন ভাষা ব্যবহার করেন।

এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল্লর আলী বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। আহত শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আগামী রবিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে বসে বিষয়টি পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক মো. ইয়াছিন আরাফাত জানান, তুচ্ছ একটা বিষয়ে ওই ছাত্র তাকে গালি দিয়ে গায়ে ধাক্কা দেয়। এতে মেজাজ হারিয়ে তিনি মারধর করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত