পাঁচ জেলায় কাল থেকে পরিবহন ধর্মঘট

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৭:৪৫ এএম

খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলার মহাসড়কে চলাচল করা অবৈধ থ্রি হুইলার মাহেন্দ্র, নছিমন, করিমন বন্ধসহ তিন দফা দাবিতে আগামীকাল রবিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।

বাস মালিক সমিতির নেতারা জানান, স্থানীয় প্রশাসনের সঙ্গে দফায় দফায় সভার পরও তিন দফা দাবি মেনে না নেওয়ায় বাধ্য হয়ে আন্দোলনে যেতে হচ্ছে। আগামীকাল থেকে খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলা বাগেরহাট, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশালে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে সরকারের অনুমোদন ছাড়া চলাচলরত বিআরটিসি ও লিজকৃত বিআরটিসি গাড়ি বন্ধ এবং নীতিমালা অনুযায়ী জেলা টার্মিনালে একটিমাত্র কাউন্টার চালু রেখে পথে পথে থাকা সব কাউন্টার অপসারণ, অবৈধ থ্রি হুইলার মাহেন্দ্র, নছিমন, করিমন অটোরিকশা আঞ্চলিক মহাসড়কে চলাচল বন্ধ করা এবং দূরপাল্লার পরিবহনে নীতিমালা বহির্ভূত লোকাল যাত্রী পরিবহন বন্ধ করা।

বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে সরকারি ১৮টি বিআরটিসির বাস চলাচলের চুক্তি ছিল। কিন্তু চলছে তার চেয়ে বেশি। মহাসড়কগুলোতে অবৈধ থ্রি হুইলারগুলো নিয়মিত চলাচল করছে। তাই খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলার ভেতরের মহাসড়কে চলাচল করা অবৈধ থ্রি হুইলার মাহেন্দ্র, নছিমন, করিমন বন্ধসহ তিন দফা দাবিতে ২০২৪ সাল থেকে স্থানীয় প্রশাসনের সঙ্গে খুলনা ও বরিশাল বিভাগের সাতটি বাস মালিক সমিতি ও সাতটি শ্রমিক ইউনিয়ন কয়েক দফা সভা করে। প্রশাসনকে অনেক সময় দিয়েও আমাদের দাবিগুলো বাস্তবায়ন হয়নি। তাই বাধ্য হয়ে ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের কথা চিঠি দিয়ে স্ব স্ব জেলার প্রশাসনকে জানানো হয়। এ বিষয়ে গতকাল বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, বাস মালিক সমিতির তিন দফা দাবির বিষয়ে প্রশাসন অবহিত আছে। আশা করছি সমাধান হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত