দেশের আটটি উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে আগামী ১ বছরের জন্য নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দীনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।
প্রজ্ঞাপনে জানানো হয়, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (খুউক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এসএম শফিকুর আলম। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন নিয়োগ পেয়েছেন। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবুল কালাম আজাদ।
পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রেজাউল হাসান লোদী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন মো. সামসুজ্জামান সামু। এ ছাড়া ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে মোতাহার হোসেন তালুকদার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে উদবাতুল বারী আবু এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে মাশুকুল ইসলাম রাজিব নিয়োগ পেয়েছেন।