রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় গত বৃহস্পতিবার মধ্যরাতে ধাওয়া করে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তারা হলেন শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) সামসুজ্জোহা সরকার ও পিওএমের (পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট) কনস্টেবল হৃদয় বড়ুয়া। এ সময় দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে পুলিশ। তবে চক্রের আরও একজন পালিয়ে গেছে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে জিয়া উদ্যানের গ্লাস ব্রিজের সামনে একদল ছিনতাইকারী একটি অটোরিকশা চালকের কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা করে। একজন প্রত্যক্ষদর্শী বিষয়টি কাছাকাছি দূরত্বে থাকা শেরেবাংলা নগর থানা পুলিশের টহল টিমকে অবহিত করেন। টহল পুলিশের একটি দল সেখানে পৌঁছালে ছিনতাইকারীরা অটোরিকশায় পালিয়ে যাচ্ছিল। এ সময় কর্তব্যরত পুলিশের একটি মোটরসাইকেল টহল দল তাদের ধাওয়া করে আটকের চেষ্টা চালায়। একপর্যায়ে ছিনতাইকারীরা মোটরসাইকেলে থাকা এসআই সামসুজ্জোহা সরকারের বাম কাঁধে এবং কনস্টেবল হৃদয় বড়ুয়ার বাম বগলের নিচে ছুরিকাঘাত করে। তবে টহল দলের অন্য সদস্যরা দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেন। আর আরেকজন অটোরিকশায় করে পালিয়ে যায়। পরে পুলিশের আহত দুই সদস্যকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য রাত আড়াইটার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে গতকাল শুক্রবার তাদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।